বিএনপি-জামায়াতের ক্ষমতার উৎস হলো বন্দুকের নল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি-জামায়াতের ক্ষমতার উৎস হলো বন্দুকের নল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৩০, ২০২২ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৩০, ২০২২ ১০:১৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

‘বিএনপি-জামায়াত রাষ্ট্রবিরোধী যেসব ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তা আমাদের জাতীয় অস্তিত্বকে বিপন্ন করে তুলবে। আমরা জানি, সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে তারা সাংবিধানিক প্রক্রিয়াকেও নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চায়। জনবিচ্ছিন্ন এ দলগুলোর ক্ষমতার উৎসই হচ্ছে বন্দুকের নল।’

শনিবার (৩০ জুলাই) বিকেলে আয়োজিত এক সভায় জাতীয় শোক দিবসসহ আগস্টব্যাপী দলীয় কর্মসূচি ও সাংগঠনিক সিদ্ধান্তসমূহ ঘোষণাকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব মন্তব্য করেন।

এদিন দারুল ফজল মার্কেট কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে কার্যকরী পরিষদের সভার আয়োজন করা হয়। সভার শুরুতে শুক্রবার (২৯ জুলাই) মীরসরাইয়ে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি-জামায়াত অতীতেও সুক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে ও অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল করে দেশের জনগণকে জিম্মি করেছিল। জনগণ প্রত্যাখ্যাত এ চক্রটি বাংলাদেশ, জাতীয় পতাকা, জাতীয় সংগীতকে শ্রদ্ধা করে না।

‘এদের একমাত্র উদ্দেশ্য ‘৭১ এ পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের নাম মুছে দিয়ে দেশকে পাকিস্তান বানানো। আওয়ামী লীগ পাকিস্তানি মতাদর্শীদের তিল পরিমাণ ছাড় দিতেও নারাজ। আগস্ট মাসের সব কর্মসূচি যথাযথভাবে পালনের মধ্য দিয়ে ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের সাংগঠনিক শক্তিকে বেগবান রাখতে হবে। ‘

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার (১ আগস্ট) সকাল ১০টায় নগরীর হালিশহরের বড়পোল এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা, সকালে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মাসব্যাপী কালোব্যাজ পরিধান।

শুক্রবার (৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে বাদ আসর দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বাদ আসর দলীয় কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ আগস্ট রোববার বিকেল ৩টায় কাজির দেউড়ীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আলোচনা সভা। ১৫ আগস্ট সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ।

একই দিন সকাল ৯টায় দারুল ফজল এলাকার মসজিদে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল শেষে নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রার্থনা ও বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও অনাথ আশ্রমে খাবার বিতরণ করা হবে।

১৭ আগস্ট বিকেল ৩টায় জেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ। ২১ আগস্ট বিকেল ৩টায় পুরোনো রেলওয়ে স্টেশন চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ করা হবে।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ