বিএনপি নির্বাচন বর্জন করলে আলোচনার প্রশ্নই আসে না: তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নির্বাচন বর্জন করলে আলোচনার প্রশ্নই আসে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি নির্বাচন বর্জন করলে আলোচনার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচন বর্জন করে কিংবা বলে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না, সেই দাবিতে অনড় থাকে, তাহলে আলোচনার প্রশ্নই আসে না।’

তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুসারে বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সময় বর্তমান সরকারই থাকবে। তারা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। শেখ হাসিনা নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন।’

বুধবার (১০ মে) সচিবালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

২০১৪ সালের নির্বাচনে অংশ নিলে বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছিল–এবারও তেমন কোনো প্রস্তাব আছে কি না, জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘এখনকার প্রেক্ষাপট ভিন্ন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সেই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা সেই প্রস্তাব গ্রহণ করেনি।’

পাকিস্তানের পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ইমরান খানকে গ্রেফতারের পর যেভাবে বিক্ষোভ হয়েছে, তা পাকিস্তান ছাড়িয়ে অন্য দেশেও ছড়িয়ে পড়েছে। এতে বোঝা যায়, দেশটিতে ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।’

পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে কোনো প্রভাব পড়বে কি না–এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলবে, এটিই স্বাভাবিক। এটি সত্য যে পাকিস্তানে সংঘাত লেগেই আছে। সেখানে গণতন্ত্র সবসময় হোঁচট খাচ্ছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ