বিএনপি নেতার বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতার বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৯, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৯, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। নিহত আব্দুল জব্বার সুদামপাড়া গ্রামের চান মিয়ার ছেলে।

সোমবার (১৯ মে) সকালে উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দলীয় প্রভাব খাটিয়ে শরিকের সম্পত্তি আত্মসাতে ব্যর্থ হয়ে বিএনপি নেতা বাদশা মিয়ার নেতৃত্বে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

বাদশা মিয়া উপজেলা বিএনপির তাঁতী, মৎস্যজীবী, উপজাতি বিষয়ক সম্পাদক ও মামুদনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিএনপি নেতা বাদশা মিয়ার সঙ্গে চাচাতো ভাই জব্বারের বিরোধ চলে আসছে। সম্পত্তির বিষয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বাদশা মিয়া তার সহযোগীদের নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে শরিকের সম্পত্তি গ্রাস করার পাঁয়তারা করেন। দলীয় পদ-পদবি থাকায় তিনি এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন।

কোর্টে মামলা থাকার কারণে রোববার হাজিরা দিতে যান বাদশা ও তার সহযোগীরা। হাজিরা শেষে ওই রাতে বাদশা জব্বারের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

পরদিন সোমবার সকাল ৬টার দিকে বাদশা মিয়া তার বাহামভুক্ত দলবলসহ জব্বারের বাড়িতে গিয়ে হামলা করেন। হামলাকারীরা পিটিয়ে জব্বার মিয়াসহ রবিউল, আজিজ, আলী, লাল হোসেনকে গুরুতর আহত করেন।

পরে স্বজন ও স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা আফরোজ জানান, জব্বার মিয়াকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।

নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ