বিএনপি নেতার মাথা ন্যাড়া করে দিলেন কৃষকদল নেতা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতার মাথা ন্যাড়া করে দিলেন কৃষকদল নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ

 

বিভাগীয় প্রতিনিধি, ময়মনসিংহ
ছবি: খবরের কাগজ
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় কৃষকদল নেতা কাজিয়েল হাজাত শাহী মুনশীকে প্রধান আসামি করে আরও ৭-৮ জনের নামে মামলা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আবদুল মান্নান তালুকদার নিজেই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এর আগে দুপুর আড়াইটার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কাজিয়েল হাজাত শাহী মুনশী পৌর কৃষক দলের সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের পক্ষে কাজ করেছেন।

লাঞ্ছিত উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদার জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকা দিয়ে সিএনজিযোগে ময়মনসিংহ যাওয়ার পথে তাকে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুনশী দেখতে পান। পরে রেলক্রসিং অতিক্রমের সময় পৌর ট্যাক্স টোল আদায়ের জন্য সিএনজিকে ব্যারিকেড দিলে শাহী মুনশী এসে তাকে টেনেহিঁচড়ে সিএনজি থেকে নামান। এরপর শারীরিকভাবে নির্যাতন করে একটি সেলুনে নিয়ে গিয়ে একটি শাহী মুনশী ও তার সহযোগীরা মান্নান তালুকদারের মাথার চুল কেটে ন্যাড়া করে দেন এবং পথচারীদেরকে ডেকে এনে তার ন্যাড়া মাথা দেখানো হয়।

আবদুল মান্নান তালুকদার আরও বলেন, ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। বারবার জেল খেটেছি, কিন্তু এমনভাবে নির্যাতনের শিকার হইনি। নির্বাচনে আমি ঘোড়া প্রতীকের প্রার্থীর নির্বাচন করেছিলাম। একমাত্র এটাই আমার অপরাধ।

তবে অভিযোগ অস্বীকার করে গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। বিএনপির সুনাম নষ্ট করতেই আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।

এই আসনে বিএনপির গ্রুপিং রাজনীতি বরাবরই চাঙা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে ওঠে।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মনোনয়নবঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের নির্দেশে বিএনপির একাংশের নেতা-কর্মী ও সমর্থকরা লাগাতারভাবে বিক্ষোভ, মশাল মিছিল ও রেলপথ অবরোধ করে প্রার্থীতা প্রত্যাহারের দাবি চালায়। এরইমধ্যে দুপক্ষের সমাবেশে এসে ঘটনাস্থলে সংঘর্ষে তানজিন আহমেদ আবিদ নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়।

এ ঘটনায় উপজেলা বিএনপির রাজনীতিতে আরও আলোড়ন সৃষ্টি করে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া ২৪ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করেও চুপ রাখা যায়নি। কখনও ধান খেতে দাঁড়িয়ে, আবার কখনো ধান উড়িয়ে প্রার্থীতা বাতিলসহ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রিভিউ আবেদন করা হয়েছে। কিন্তু ধানের শীষের প্রার্থী পরিবর্তনের বিষয়ে সীদ্ধান্ত নেয়নি বিএনপি। যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়। এতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ইকবাল হোসেইন ৭৫ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরন পান ৬৫ হাজার ৯৯৫ ভোট।

পরাজিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরনের বলয়ে রাজনীতি করেন আবদুল মান্নান তালুকদার। ফলে নির্বাচনের পর তাকে টার্গেট করে লাঞ্ছিত করা হয়েছে বলে জানাচ্ছেন ভুক্তভোগী আবদুল মান্নান তালুকদার ও পরাজিত প্রার্থী তায়েবুর রহমান হিরনসহ তার বলয়ে রাজনীতি করা নেতা-কর্মীরা।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, ফ্যাসিস্ট বিরোধী প্রতি আন্দোলন- সংগ্রামে রাজপথে অবস্থান নিয়েছেন আবদুল মান্নান। এজন্য মামলার আসামি হয়ে তাকে অনেকবার জেল খেটতে হয়েছে। তাকে এভাবে লাঞ্ছিত করা কখনও মেনে নেওয়া যায় না।

বক্তব্য জানতে ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইনের মোবাইলে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

তবে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেন, ঘটনাটি আমি শুনেছি, বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও জানানো হয়েছে। সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, শাহী মুনশীকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ