বিএনপি মহাসচিব মির্জা আলমগীর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মহাসচিব মির্জা আলমগীর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ

 

ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল নিজ এলাকা থেকে ঢাকা আসার পথে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ সন্ত্রাসীরা তার গাড়ীর পথরোধ করে লাঠি, রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতার মর্মান্তিক মৃত্যু এবং জ¦ালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁপাই নবাবগঞ্জ জেলা কৃষকদলের নেতৃবৃন্দকে পুলিশ গ্রেফতার করেছে। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মধ্যরাতের ভোটের সরকারের দু:শাসনে এখন মানুষের জানমালের ন্যুনতম নিরাপত্তাটুকও নেই। ঘর থেকে বের হয়ে নিরাপদে বাড়ী ফেরার সামান্যতম গ্যারান্টি নেই। চারিদিকে গুম, খুন, অপহরণ, হামলা ও গ্রেফতার আতঙ্কে দেশবাসী সর্বদা আতঙ্কিত। বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ সভা, সমাবেশ ও মিছিল করার সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আওয়ামী দু:শাসনের ভয়াবহতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে।

বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে ধারাবাহিকভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের এবং গ্রেফতার করে কারান্তরীণ করা হচ্ছে। ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল এর ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও আহত করা এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে কুষ্টিয়া জেলা কৃষকদলের আহবায়ক ও কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এস এম গোলাম কবির, কৃষকদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন, চাঁপাই নবাবগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সরোয়ার জাহান সেন্টু সহ একই জেলার আরও ১০ জনকে পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনা আওয়ামী জুলুমবাজ সরকারের নিষ্ঠুর শাসনেরই নিরবচ্ছিন্ন অংশ। কিন্তু এভাবে নির্যাতন-নিপীড়ণ ও নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতার করে ক্ষমতায় থাকা যাবে না। আওয়ামী সরকারের বিদায় নেয়ার সময় ঘনিয়ে এসেছে।”

বিএনপি মহাসচিব অবিলম্বে ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল এর ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি গ্রেফতারকৃত কৃষকদল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ