বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ২:২২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) এক সিপাহী নিহত হয়েছেন। এ ঘটনায় যশোরের বেনাপোল সীমান্তে উত্তেজনা চলছে। আতঙ্কে রয়েছেন সীমান্তের বাসিন্দারা। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত পরিদর্শন করেছেন।

বিএসএফের গুলিতে রইস উদ্দীনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি ৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল সীমান্তের ধান্যখোলা জেলেপাড়া বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন।

বিজিবির পক্ষ থেকে প্রথমে এমন কোনো তথ্য নিশ্চিত করা না হলেও পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিএসএফের গুলিতে ওই সিপাহীর মৃত্যুর কথা জানানো হয়।

সীমান্ত সূত্র জানায়, ২২ জানুয়ারি আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে বিজিবি ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখে। এ সময় বিজিবি সদস্য রইস উদ্দীন গতিরোধ করার চেষ্টা করলে চোরাকারবারিরা গরু ফেলে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তখন সুটিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭ রাউন্ড গুলি চালালে দুই চোরাকারবারি ভারতীয় অংশে আহত হয়। এরপর বাংলাদেশ অংশে ঢুকে পড়া গরুগুলো বিজিবি সদস্যরা উদ্ধার করতে গেলে বিএসএফ রইস উদ্দীন নামে এক বিজিবি সদস্যকে ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে তাকে শারীরিক নির্যাতন চালিয়ে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছে একাধিক সূত্র।

ঘিবা গ্রামের বাসিন্দা আব্দুল বারি জানান, তিনি ভোরের দিকে পরপর ৭ রাউন্ড গুলির শব্দ পান। সকালে শোনেন এক বিজিবি সদস্যকে বিএসএফ ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে।

সীমান্তবাসী করিম জানান, প্রায়ই এ সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি হত্যা ও ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে তারা আতঙ্কের মধ্যে আছেন।

ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উক্ত সৈনিক মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি প্রতিবাদলিপি পাঠানোর কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

যোগাযোগ করা হলে লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, সিপাহী রইস উদ্দীনের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার জন্য ‘সব পর্যায়ে’ যোগাযোগ করছেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ