বিজয় দিবসে জিয়াউর রহমানের সামাধিতে বিএনপির শ্রদ্ধাঞ্জলি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিজয় দিবসে জিয়াউর রহমানের সামাধিতে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ

 

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও ফাতিহা পাঠ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার-হাজার নেতাকর্মী। শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে আসেন দলটির কেন্দ্রীয় নেতারা।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এসময় দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণের স্লোগান দিতে থাকেন।

সমাধি জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন।

এসময় তিনি বলেন, ‘বয়কট নির্বাচনে সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় আছে এবং তারা দেশে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করছে। আওয়ামী লীগ ও সরকারের সিন্ডিকেটের কারণে দেশের অর্থনীতি লুটপাট, চাঁদাবাজি হচ্ছে। দেশের মুদ্রা অন্য দেশে পাচার করে, দেশে একটি বিপর্যয় সৃষ্টি করেছে।’

ড. মোশাররফ হোসেন বলেন, ‘বিচার ব্যবস্থাকে দলের কুক্ষিগত করার জন্য তা ধ্বংস করে দিয়েছে। দেশের স্বাধীনতা নেই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি বানোয়াট মামলায় ও নির্দেশিত রায়ে তিনি আজ কারাবন্দি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের একটি ফরমায়েশি রায়ে বিদেশ থাকতে বাধ্য হচ্ছেন।’

তিনি বলেন, ‘বিজয়ের দিনে আমরা আশা করি এদেশ থেকে স্বৈরাচার, ফ্যাসিবাদী সরকারের অবসান হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। জনগণের সরকারের প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে সকলে আমরা কাজ করছি।’

স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও ষড়যন্ত্র করছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদেকের এ বক্তব্যে তিনি বলেন, ‘এই সরকার ক্ষমতা টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। বাংলাদেশের ৫০ বছরে যে ইতিহাস বিকৃত করছে। তারা তাদের সুবিধামতো কথা বলে। জনগণ কিন্তু সচেতন! জনগণই বিচার করবে তারা (সরকার) সঠিক না জনগণ সঠিক।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপরাসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদ বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ