বিতর্কিত দেওয়ানবাগীর আস্তানায় ভাঙচুর অগ্নিসংযোগ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিতর্কিত দেওয়ানবাগীর আস্তানায় ভাঙচুর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডসংলগ্ন বির্তকিত দেওয়ানবাগী পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ভাংচুর ও লুটপাট শুরু হয়। একপর্যায়ে আস্তানায় আগুন ধরিয়ে দেয়া হয়। বিকেল ৪টা পর্যন্ত আগুন জ্বলে। পরে আশেপাশের এলাকার লোকজন আগুন নেভায়।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে বিতর্কিত দেওয়ানবাগী পীরের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নেয় তার অনুসারীরা। এ সময় দেওয়ানবাগী পীরের আস্তানার পাশে দেওয়ানবাগ জামে মসজিদের মুসল্লিরা বাধা দিলে পীরের অনুসারীরা মুসল্লিদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শুক্রবার সকাল ৭টায় আশেপাশের ৮-১০ গ্রামের মুসল্লিরা বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিতর্কিত দেওয়ানবাগী পীরের আস্তানায় হামলা চালায়। ভাংচুর, লুটপাট শুরু করে। একপর্যায়ে তারা আস্তানায় আগুন লাগিয়ে দেয়। সংবাদ পেয়ে জেলা পুলিশের এএসপি বিল্লাল হোসেন ও বন্দর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেওয়ানবাগ পীরের মুরিদদের সংগঠন আশেকে রসুল পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল কাদের জানান, এলাকার কিছু কুচক্রী লোক আমাদের আস্তানায় হামলা চালিয়েছে। এটি আমাদের কেনা জায়গা। আমাদের নিজস্ব জায়গায় অনুষ্ঠান করলে কেউ সেখানে আইনত বাধা দিতে পারে না।’

সেখানে দেওয়ানবাগী পীরের মাজার ভাংচুর হয়েছে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে জানালে তিনি বলেন, আমাদের পীরের মাজার ঢাকার মতিঝিলে। দেওয়ানবাগে তার ছেলে মনির-এ-খোদা ও তার ভাই আব্দুর রহমান সরকারের মাজার রয়েছে। সেগুলো ভাংচুর হয়েছে। এছাড়া দরবার শরীফের বাকি স্থাপনা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ মোহাইমিন আল জিহান জানান, শুক্রবার জুমার নামাজের পর এখানে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল একটি পক্ষ। সে হিসেবে সকাল থেকেই পুলিশের প্রস্তুতি ছিল। কিন্তু কে বা কারা ফজর নামাজের পর হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রায় ২০ বছর আগে দেওয়ানবাগী পীর মাহবুব-এ-খোদা ইসলাম নিয়ে নানা বক্তব্য দিয়ে বিতর্কিত হন। এ নিয়ে আলেম ওলামাদের মধ্যে তার বিরোধ সৃষ্টি হয়। সে সময় দেওয়ানবাগী পীরের অনুসারীদের সাথে এলাকাবাসীসহ মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় দেওয়ানবাগী পীরের অনুসারীদের গুলিতে বেশ কয়েকজন নিহত হন। ২০২০ সালের দেওয়ানবাগী পীর মারা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ