বিবেক বিক্রির বাজার : শহীদুল্লাহ ফরায়জী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিবেক বিক্রির বাজার : শহীদুল্লাহ ফরায়জী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ

 

নগরীতে বিবেক বিক্রির বাজার বসেছে
কয়েকটা দোকান থেকে
হরেক রকমের লক্ষ্য নিয়ে
বিবেক বিক্রয় চলছে,
সবার খুব তাড়াহুড়ো
মৌসুম নাকি দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

ভাগ্যান্বেষীরা দলে দলে আসছে,
কেউ বলছেন- আমার সংগৃহীত বিবেক
সাধারণ পদমর্যাদায় বিক্রি করতে পারি না,
কেউ বলছেন- ঐতিহাসিক প্রয়োজনে
আমাকে উচ্চ পদমর্যাদা দিন
নয় তো রাজকীয় স্থাপত্য মুছে যাবে
কেউ বা গণমাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন
পাণ্ডিত্যে আবেগপূর্ণ ঘটনাবহুল বর্ণনা দিচ্ছেন
কেউ কেউ জীবনের বৃহৎ অর্জন
সংক্ষিপ্তাকারে তুলে ধরছেন।

ক্রেতা মাত্র একজন,
সকলের উদ্দেশ্যে তিনি বললেন-
আপনাদের সব বীরত্ব ম্লান হয়ে গেছে,
নিজেদেরকে ‘বিক্রয়যোগ্য’ করার কারণে
সমাজের কাছে আপনারা মূল্যহীন ও পরিত্যক্ত,
আপনাদের বক্তব্য ভিত্তিহীন কল্পকাহিনী,
আপনারা প্রদীপ শিখার মতো
জ্বলে উঠার সাথেই নিভে যাবেন,
আপনারা সাহস ও পৌরুষের
সকল চিহ্ন মুছে ফেলেছেন,
আপনারা পথপ্রদর্শনকারী নন, পথভ্রষ্ট।

তবু আমরা একটা আজ্ঞাবহ জনশক্তি চাই,
যারা শুধুই অনুগত ও অধীনস্থ।
সবাইকে নিলাম-এর অধীনে
কিনে নিলাম, মনে রাখবেন- সব সময়
আপনারা আশ্রিত ও অবিশ্বস্ত।

একটা শেষ কথা বলি-
বাজারে যারা বিবেক বিক্রি করছেন
সত্য থেকে বিচ্যুত হয়েছেন
তাদের সম্মান-মর্যাদা-অর্জন
অবলীলায় নিশ্চিহ্ন হয়ে যাবে
ধ্বংসপ্রাপ্ত নগরীর মতো।
একমাত্র ‘মীরজাফর’ হিসেবে
ইতিহাসে প্রথম সারি হবে নির্ধারণ,
ধন্যবাদ ভ্রাতাগণ।


faraizees@gmail.com

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ