বিভাজনের হিংসাশ্রয়ী রাজনীতি প্রবল হয়ে উঠছে : সাইফুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিভাজনের হিংসাশ্রয়ী রাজনীতি প্রবল হয়ে উঠছে : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বীর শহীদদের রক্তের দাগ না শুকাতেই ক্রমেই ভাগ-বিভাজনের হিংসাশ্রয়ী রাজনীতি প্রবল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, অভ্যুত্থানের শহীদেরা বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের জন্য আত্মাহুতি দিয়েছিলেন। গত এক বছরে দেশ তার বিপরীত দিকে হেঁটেছে। গত এক বছরে বৈষম্য ও বেকারত্ব বেড়েছে।

পয়ত্রিশ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে।
আজ বুধবার কেন্দ্রীয শহীদ মিনারে চব্বিশের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ আবু সাঈদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ সব কথা বলেন তিনি। এ সময় আরো বক্তৃতা দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক আবুল কালাম আজাদ, বাবর চৌধুরী, জামাল সিকদার, আহত জুলাইযোদ্ধা ফায়েজুত রহমান মুনির, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুর নূর প্রমুখ।

এ সময় সাইফুল হক বলেন, ‘একবছর পার হলেও এখনো শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি, শহীদ ও আহত পরিবারসমূহের উপযুক্ত পুনর্বাসন হয়নি।

রাজনৈতিক দল ও জনগণের অভূতপূর্ব সমর্থনকে সরকার কাজে লাগাতে না পারায় এবং তাদের প্রজ্ঞা ও কার্যকারিতা না থাকায় দেশে আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করছে রাজনৈতিক লুম্পেন ও মাফিয়া সন্ত্রাসীরা। দেশে মানুষের জানমাল নিরাপদ হয়নি। গণ-অভ্যুত্থানে নারীরা ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এক বছরের মাথায় নারীরা আরও নিরাপত্তাহীন, নারী বিদ্বেষী তৎপরতাকে রাজনৈতিক মদদ জোগানো হচ্ছে।
অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতিরা সবচেয়ে বেশি জীবন দিলেও সরকারে তাদের কোনো প্রতিনিধি রাখা হয়নি; বরং অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়েছে।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘গত এক বছরে দেশের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে এই নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সরকারকে তাদের এজেন্ডা ছোট করে এনে যাবতীয় বিতর্ক থেকে বেরিয়ে আসা দরকার। অন্তর্বর্তী সরকারকে বাস্তবে তত্ত্বাবধায়ক সরকারের আদলেই কাজ করার এবং প্রয়োজনে সরকারের কলেবরকে ছোট করার পরামর্শ দেন তিনি।

পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পার্টির উদ্যোগে শহীদ স্মরণ শোভাযাত্রা বের হয়। এদিকে সকালে রংপুরে শহীদ আবু সাঈদ, শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফের কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং অন্যান্য জেলা ও উপজেলায় শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ