বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) বাংলাদেশ এয়ারলাইন্সকে যাত্রীবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৩০ মার্চ) কুর্মিটোলার বলাকায় অনুষ্ঠিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। আফরোজা খানম বলেন, “আমরা আপনাদের সহযোগিতা করতে এসেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”
মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনাদের বেতন আসে সাধারণ যাত্রীদের অর্থ থেকে। তাই তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আপনাদের নৈতিক দায়িত্ব।”
আফরোজা খানম সভায় কর্মীদের পারফরম্যান্স মনিটরিংয়ের মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন। পাশাপাশি দ্রুত শূন্যপদ পূরণ ও বেতন-ভাতা সন্তোষজনক পর্যায়ে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, “বর্তমান সরকার জনবান্ধব ও গণতান্ত্রিক। তাই আমরা বিমানকে একটি অনুসরণীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”
সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্বিক উন্নয়নের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নতুন উড়োজাহাজ দ্রুত সংযোজন, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য হুইলচেয়ারের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফ্লাইটের সঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটের সংযোগ জোরদার করা।
মতবিনিময় সভার সমাপ্তিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) সরেজমিন পরিদর্শন করেন এবং সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার মান যাচাই করেন।
জনতার আওয়াজ/আ আ