বিমানবন্দরে আটকা যাত্রীদের দেখতে গেলেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর পাল্টা হামলায় তেহরান অঞ্চলজুড়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথেও। নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে। একই কারণে ঢাকা থেকেও আপাতত ওই অঞ্চলের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।
এ অবস্থায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ফ্লাইট বন্ধ হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার যাত্রী। সেসব যাত্রীদের দেখতে সন্ধ্যায় বিমানবন্দরে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।
বিমানবন্দর সূত্র জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি গন্তব্যের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে ওমান, কুয়েত, আবুধাবি, শারজাহ, কাতার, দুবাই, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটের যাত্রীরা বিপাকে পড়েন। নির্ধারিত সময়ে ফ্লাইট না ছাড়ায় অনেকেই টার্মিনালে দীর্ঘ সময় অপেক্ষা করেন।
সন্ধ্যার পর মন্ত্রী টার্মিনালে পৌঁছে যাত্রীদের ভোগান্তির বিষয়টি শুনেন। তিনি সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রয়োজন হলে যাত্রীদের হোটেল সুবিধা, খাবার ও আপডেট তথ্য দেওয়ার কথাও বলেন।
ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে।
জনতার আওয়াজ/আ আ