বিমানের নেটওয়ার্ক বাড়াতে নতুন ১৪টি এয়ারক্রাফট কেনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিমানের নেটওয়ার্ক বাড়াতে নতুন ১৪টি এয়ারক্রাফট কেনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৪, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৪, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নতুন করে ১৪টি এয়ারক্রাফট কেনা হয়েছে বিমানের নেটওয়ার্ক বাড়াতে বলে জানান সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘বাংলাদেশ বিমানের নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে সরকার ইতিমধ্যে বোয়িং থেকে ১৪টি নতুন এয়ারক্রাফট ক্রয় করেছে

রবিবার (৩ মে) রাতে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটিকে কেবল লাভজনক করাই আমাদের লক্ষ্য নয়, বরং বিশ্ব দরবারে এটিকে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল উদ্দেশ্য। অদূর ভবিষ্যতে বহরে আরও বেশ কিছু উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

রবিবার রাত ১০টায় সিলেট থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইটটি ছেড়ে যায়। চলতি মৌসুমে সিলেট থেকে মোট সাতটি ডেডিকেটেড ফ্লাইটে ৩,৩৯৪ জন যাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে একটি ফ্লাইট মদিনায় এবং বাকি ছয়টি ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে। মোট যাত্রীদের মধ্যে ২,৯৩৩ জন সরাসরি সিলেট থেকে এবং বাকী ৪৬১ জন ঢাকা হয়ে যাত্রা করবেন।

বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ব্যবস্থাপক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ট্রাফিক অফিসার জাকির হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিমানন্দরের স্টেশন ম্যানেজার সাকিল আহমদ। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের মৌসুমে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ নিরাপত্তা ও সেবার ব্যবস্থা নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ। মদিনাগামী প্রথম ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময়ের মাধ্যমে বিদায় জানান মন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পবিত্র হজব্রত পালনকারীদের নিয়ে দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হলেন হাফিজ মাওলানা আসজাদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ