বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় গায়িকা অবন্তি সিঁথি। তার হবু বরের নাম অমিত দে। তিনি লন্ডনপ্রবাসী। আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বিয়ে প্রসঙ্গে শিসকন্যা খ্যাত এই গায়িকা বলেন, ‘অমিতের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না। সাত-আট মাস হবে। ও খুব ভালো গান করে। আমাদের একসঙ্গে একটা গান করতে গিয়ে পরিচয় হয়েছে। গানটা শেষ অবধি হয়নি, কিন্তু আমাদের বিয়েটা হচ্ছে (হাসি)।’
তিনি জানান, অমিত প্রায় ১৩ বছর হলো লন্ডনে থাকেন। সেখানে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা শেষ করে এখন একটি ফিন্যান্স ফার্মে কর্মরত। পাশাপাশি গান করেন।
এ ছাড়া খুব ভালো কিবোর্ড ও পিয়ানো বাজাতে পারেন অমিত। লন্ডনে থাকলেও তাদের আসল বাড়ি সিলেটে।
অবন্তি বলেন, ‘বিয়ের পুরো আয়োজন পারিবারিকভাবেই হচ্ছে। দুই পরিবার বিয়ে-পূর্ব যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছে। গেল আগস্টে আমার আশীর্বাদও হয়ে গেছে। মাসখানেকের ছুটি নিয়ে অমিতও আগামী মাসের শুরুতে দেশে চলে আসবে।’
উল্লেখ্য, অবন্তি সিঁথি বেড়ে উঠেছেন জামালপুরে। জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক আর দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী থাকার সময় গান গেয়ে পরিচিতি পান তিনি। গিটার আর হারমোনিয়াম বাজানো শিখেছেন ছোটবেলাতেই। কলেজে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানেও গান করতেন তিনি।
২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় নিজের নাম লেখালেও সেবার খুব বেশি দূর যেতে পারেননি। ২০১২ সালে আবারও নাম লেখান এই প্রতিযোগিতায়। সেরা দশে জায়গা করে নেন ওই বছর। তবে অবন্তি আলাদা করে নজড় কাড়েন ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন জি বাংলার সংগীতবিষয়ক রিয়ালিটি শো সারেগামাপাতে অংশ নিয়ে। এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন খালি গলায় তার গাওয়া কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার’ গানটি গেয়ে। ওই গানের চেয়ে আলাদা করে নজর কাড়েন গান গাইতে গাইতে ফয়েল পেপার, ধাতব মুদ্রা আর প্লাস্টিকের দুটি কাপকে বাদ্যযন্ত্র বানিয়ে বাজানোর মাধ্যমে।
কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘উনিশ২০’ নামের দুটি ওয়েব ফিল্মে তার গাওয়া যথাক্রমে ‘রূপকথার জগতে’ ও ‘পাখি পাখি মন’ গান দুটি শ্রোতারা দারুণভাবে লুফে নেয়। এ ছাড়া গেল ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমায় গাওয়া ‘গাঁ ছুয়ে বল’ গানটিও সবার প্রশংসা পায়। নিয়মিতভাবে চলচ্চিত্রে গান করেন এই গায়িকা। পাশাপাশি নিজের একক গান নিয়েও প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জনতার আওয়াজ/আ আ