বিশৃঙ্খলা প্রতিহত এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার গণআন্দোলনে ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরণের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের ইতিহাস তাদের ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারবাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর উপর অপবাদ চাপিয়ে দেয়ার অপচেষ্টার ইতিহাস। তাদের ইতিহাস এই সম্প্রদায়গুলোর সম্পত্তি দখলের ইতিহাস। ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করতে তাদের এই অপচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের সকল ছাত্র-জনতাকে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে দেশের সম্পদ এবং সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাধারণ মানুষের সম্পদ এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউনিটভিত্তিক টিম গঠন করে সার্বক্ষণিক তৎপর হওয়ার নির্দেশনা প্রদান করেছেন।
নেতৃদ্বয় আরও বলেন, দেশের এই ঐতিহাসিক মুহুর্তে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে কোনভাবেই নূন্যতম বিতর্কিত করতে দেয়া যাবে না। দেশের সকল নাগরিকের জীবন ও সম্পদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রদলকে সার্বক্ষণিক কার্যকর ভূমিকা পালন করতে হবে।
জনতার আওয়াজ/আ আ