বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৯, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৯, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৯, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার পর এবার বড় শাস্তির মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানে। আগামী তিন ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে ফিফা।

মেক্সিকোর বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় লাল কার্ডটি দেখেন জোয়ানে। আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় স্বাগতিক মেক্সিকো।

ম্যাচের ৮৪ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার রবার্তো আলবারাডোর মুখে আঘাত করার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়তে বাধ্য করেন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও। এর ফলে মাঠে থাকা অবস্থায়ই ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে ম্যাচের শুরুতেই আরেক মিডফিল্ডার শেফেলো সিথোলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা ছিল আসরের প্রথম লাল কার্ড। ৩৬ বছর বয়সী জোয়ানে বদলি বেঞ্চ থেকে নেমে মাত্র ২০ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখেন।

ফাউলের পর রেফারি সাম্পাইও কোনো দ্বিধা না করেই তাকে লাল কার্ড দেখান।

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় লাল কার্ড নিয়ে আমরা আলোচনা করতেই পারি। মেক্সিকান খেলোয়াড় আমার খেলোয়াড়কে ব্লক করেছিল। কিন্তু রেফারির দিক থেকে দেখতে গেলে আমাদের এটি মেনে নিতে হবে। তবে আমার মনে হয় এই ঘটনায় লাল কার্ড এড়িয়ে যাওয়া যেত।’

তবে শেফেলো সিথোলেকে দেখানো লাল কার্ড নিয়ে আপত্তি নেই প্রোটিয়া কোচের। তিনি বলেন, ‘প্রথম লাল কার্ড নিয়ে আমার কোনো আপত্তি নেই। তাদের খেলোয়াড় একাই গোলের দিকে এগিয়ে যাচ্ছিল, সিথোলে ফাউল করেছে, আমি এটা মেনে নিচ্ছি।’

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, লাল কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হয়। তবে ফাউলের মাত্রা বিবেচনায় ফিফার ডিসিপ্লিনারি কমিটি শাস্তির মেয়াদ বাড়াতে পারে।

সেই অনুযায়ীই জোয়ানেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা।

তবে ফিফা জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার ফুটবল ফেডারেশনের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ