বিশ্বের অন্য কোনও সীমান্তে এত খুনের নজির নেই: এবি পার্টি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বের অন্য কোনও সীমান্তে এত খুনের নজির নেই: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশের কোটি কোটি মানুষকে সীমান্তে ফেলানীর মতো কাঁটাতারে ঝুলিয়ে রাখবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব, কূটনৈতিক উইংয়ের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় দলটির বিজয় নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। দলটির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির সঞ্চালনায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

সীমান্ত হত্যা রোধে সরকারের উপুর্যুপুরি ব্যর্থতার খতিয়ান তুলে ধরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, পৃথিবীর অন্য কোনো সীমান্তে এত বেসামরিক নাগরিক খুন হওয়ার নজির নেই। ভারত-পাকিস্তান সীমান্তে বিভিন্ন মাত্রায় প্রায়ই যুদ্ধ হয়। দুই পক্ষেরই সামরিক বাহিনীর সদস্য নিহত হয় কিন্তু বেসামরিক নাগরিক খুন হওয়ার ঘটনা সেখানে নেই বললেই চলে। ভারত-চীন সীমান্তে কোনো বেসামরিক নাগরিকের গায়ে হাত দেওয়ার সাহস কোনো পক্ষই করে না। ইরান-আফগানিস্তান বা পাকিস্তান সীমান্ত দিয়ে প্রচুর মাদক পাচার হয়, কিন্তু গুলি করে হত্যার ঘটনা সেখানে শোনা যায় না। এমনকি নেপাল, ভুটান সীমান্তেও কোনো নাগরিককে হত্যার কথা আমরা শুনিনি।

তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, শুধু বাংলাদেশ সীমান্তই মনে হচ্ছে যেন অসহায় বাংলাদেশের মানুষের রক্ত, লাশ আর খুনের সীমান্ত! ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর দেখা মাত্র গুলীর নীতিই আজকের হাজার হাজার বেসামরিক লোকের হত্যার কারণ বলে আমরা মনে করি।

১৯৪৬ সালে জারি করা ভারতের বিদেশ আইনের বিধি উল্লেখ করে তিনি বলেন, সে আইনে অবৈধভাবে তাদের দেশে প্রবেশের শাস্তি রাখা হয়েছে পাঁচ বছরের জেল এবং জরিমানা। অথচ আইনের চরম লংঘন করে বাংলাদেশের নাগরিকদের প্রায়ই নির্মমভাবে গুলি করে মারা হয়। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, আমাদের নাগরিকদের যেহেতু নিজ দেশেই কোনো মর্যাদা নেই, ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের তো খুন করে সীমানার কাটাতারে ঝুলিয়ে রাখবেই।

ব্রিফিংয়ে সংবাদকর্মীদের করা প্রশ্নের জবাবে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, একটা অবৈধ সরকার যখন জনগণের ম্যান্ডেট ব্যতীত ১৫ বছর ধরে জোর করে ক্ষমতায় থাকে, তখন একটি স্বাধীন, মর্যাদাপূর্ণ স্বকীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের মনোবল ও যোগ্যতা তাদের থাকে না। জনপ্রত্যাখ্যাত আওয়ামী লীগ সরকারের নতজানু, অক্ষম, পরনির্ভরশীল পররাষ্ট্রনীতির কারণে প্রতিনিয়ত দেশের কোটি কোটি মানুষ সীমান্তে হতভাগ্য ফেলানীর মতো কাঁটাতারে ঝোলার অপেক্ষায় আছে।

মিডিয়া ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, গাজী নাসির, সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, আমেনা বেগমসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ