বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ৪, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ৪, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকেল সোয়া তিনটার দিকে এই সমাবেশ শুরু হয়। দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশ হচ্ছে। প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাবেশে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
এর আগে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে। দুপুর সোয়া ১২ টার দিকে নয়াপল্টনে বিপুল সংখ্যক নেতাকর্মীর প্রথম মিছিলটি আসে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির। এই মিছিলে নেতৃত্ব দেন এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
এছাড়া দোহার নবাবগঞ্জ উপজেলার একটি মিছিল আসে। এই মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সাভার ও আশুলিয়া থেকেও মিছিল আসে, যার নেতৃত্ব দেন ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। ধামরাই থেকে আসা মিছিলের নেতৃত্ব দেন তমিজ উদ্দিন। একই সঙ্গে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড-থানা থেকে মিছিল আসতে দেখা যায়।
জনতার আওয়াজ/আ আ