বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি: মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে। তাই বিএনপি দেশে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চায়। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে হাটহাজারী সদর ডাকবাংলো চত্বরে আয়োজিতে র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্টেশন চত্বরে গিয়ে মিলিত হয়।
সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে মীর হেলাল বলেন, এ জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের ১৮ বছরের হারানো অধিকার ফিরে পাওয়ার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, গুম-খুন, নির্যাতন-নিপীড়নের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষার জোয়ার। দেশে অরাজকতা সৃষ্টি করে, ষড়যন্ত্র করে এ জোয়ার রুখে দেওয়া যাবে না।
তিনি বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র করে নির্বাচনও ঠেকানো যাবে না। হাটহাজারীসহ সারা দেশের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে।
হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন- হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ