বেনাপোলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেনাপোলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৮, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৮, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে ককটেল হামলায় আব্দুল হাই (৫০) নামের এক বিএনপির কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় জিয়া (৩২) নামে অপর একজন আহত হয়েছে।

শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে বেনাপোলের ডুপপাড়া গ্রামের জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই ওই গ্রামের হারান হরকরার ছেলে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে ডুপপাড়া ঈদ ময়দানে নামাজ আদায়ের পদ্ধতি ও অবস্থান নিয়ে বিএনপির দুই পক্ষ—আবু সাইদ এবং আব্দুল হাইয়ের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে জামতলা মোড়ে অবস্থানরত আব্দুল হাইয়ের ওপর মোটরসাইকেলে করে আসা ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিতে ককটেল হামলা চালিয়ে পালিয়ে যায়।

বিস্ফোরণে গুরুতর আহত আব্দুল হাই ও জিয়াকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রবিবার যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধ এবং ঈদগাহের নেতৃত্ব নিয়ে দলীয় কোন্দল থেকেই এ ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ