বোবা পরিস্থিতির মাধ্যমে সরকার ক্ষমতায় থাকতে চায়: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
একটা নিঃশব্দ, বোবা পরিস্থিতি তৈরি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এ জন্য বিএনপির নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলার খড়্গ চাপানো হচ্ছে। নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে ঢোকানো হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় রাজশাহী নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তো জনগণের বাহিনী। এটা কারও পেটোয়া বাহিনী হতে পারে না। জনগণের ওপর যদি সরকার এভাবে দমননীতি চালায়, তাহলে সকল কিছু পরাজিত হবে জনগণের শক্তির কাছে।
রিজভী অভিযোগ করে বলেন, গত কয়েক দিনে রাজশাহীসহ সারা দেশে বিএনপির ৬৮০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ৫ হাজারের অধিক নেতা-কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। এত ভয় কিসের? ভয় সরকারকে পেয়ে বসেছে বলে তারা দিশেহারা হয়ে গেছে। তাদের কাণ্ডজ্ঞান নেই। যাদের পক্ষে জনগণ থাকে না তারা অস্ত্রের ভাষায় কথা বলে। তারা আজ আমাদের সঙ্গে অস্ত্রের ভাষায় কথা বলছে।
রিজভী জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নামে রাজশাহীতে মামলা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফাসহ স্থানীয় এবং কেন্দ্রীয় অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহীতে দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখার বিষয়ে রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যুদ্ধকালীন মহড়ার মতো অস্ত্র নিয়ে বিএনপি কার্যালয়কে অবরুদ্ধ করে রেখেছিল। আমাদের নেতা-কর্মীরা কী অস্ত্র নিয়ে কর্মসূচি পালন করছিল? সংবিধান কাটছাঁট করার পরও যতটুকু অধিকার আছে, তাতে বিএনপি এই কর্মসূচি পালন করতে পারে। সবচেয়ে নজিরবিহীন ঘটনা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিএনপি কার্যালয়ে তালা দিয়ে দেওয়া। আমরা তো এরশাদ সরকারের আমলে আন্দোলন করেছি। এখানে আন্দোলন-সংগ্রাম করেছি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। কিন্তু কারও দলীয় কার্যালয়ে পুলিশ গিয়ে তালা দিচ্ছে এই দৃষ্টান্ত আমরা দেখিনি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। সদস্যসচিব মামুনুর রশীদ সঞ্চালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জনতার আওয়াজ/আ আ