বৌদ্ধ পূর্ণিমা উৎসবে প্রচারণায় ‘মা’ সিনেমা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
অরণ্য আনোয়ার পরিচালিত প্রথম সিনেমা ‘মা’। বিশ্ব মা দিবস (১৪ মে) উপলক্ষে ছবিটি দেশসহ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ১৯ মে। মুক্তির আগে পহেলা বৈশাখ থেকে শুরু করে ঈদুল ফেতর উৎসবে চলেছে ছবিটির বর্ণিল প্রচারণা। এরমধ্যে প্রকাশ হয়েছে ছবিটির পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য মেকিং। তবে প্রচারণার এসব নিয়মিত অনুষঙ্গ ছাপিয়ে বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর বুকে নেমে এলো যেন হাজারও ‘মা’য়ের সন্তান।
যারা সিনেমাটির পোস্টার-ব্যানার হাতে নিয়ে অংশ নেন এদিন সকালে জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে। এসময় ‘মা’ ধ্বনিতে মুখরিত ছিলেন সিনেমাটির নির্মাতা, প্রযোজক, কুশলী ও শুভাকাঙ্ক্ষীরা। কোনো সিনেমাকে ঘিরে জাতীয় উৎসব আয়োজনে এমন চিত্র আগে কখনও দেখা যায়নি।
নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘‘আমরা রোজার ঈদ উৎসবকে ঘিরে ‘মা’ ছবিটির প্রচারণা শুরু করি। এবার সেই ধারাবাহিকতা রেখেছি বুদ্ধ পূর্ণিমা উৎসবে অংশ নিয়ে। এদিন আমরা বড় একটি দল এক হয়ে জাদুঘরের সামনে ছবিটির পোস্টার-ব্যানার নিয়ে মিলিত হই। এরপর মা ধ্বনি কণ্ঠে নিয়ে শোভাযাত্রায় হেঁটে যাই শহীদ মিনার পর্যন্ত। এটা সত্যিই অসাধারণ একটা অনুভূতি। ছবিটিকে ঘিরে সবার এই উচ্ছ্বাস ও আবেগ পরিচালক হিসেবে আমাকে আবেগতাড়িত করেছে। ছবিটি মুক্তি পর্যন্ত আমরা এই মাতৃত্বের বন্ধনে অটুট থাকবো। এবং এই ছবিটির মাধ্যমে আমরা বিশ্বজুড়ে ছড়িয়ে দেবো মা’য়ের অন্যরকম এক গল্প। যে গল্প সন্তানকে ঘিরে এক মায়ের যুদ্ধ ও ভালোবাসার।’’
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের অন্যতম নায়িকা পরীমণি। তিনিও ছবিটি নিয়ে অসম্ভব আবেগতাড়িত। তবে তার কোলে ছোট্ট রাজ্য থাকায়, তিনি এদিনের শোভাযাত্রায় উপস্থিত থাকতে পারেননি।
দেখা গেছে, বৃহস্পতিবার (৪ মে) সকালে শাহবাগে আয়োজিত এই জাতীয় উৎসবস্থলে ‘মা’ টিমের পাশাপাশি উপস্থিত ছিলেন সকল ধর্মের মানুষ। বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, থাইল্যান্ড ও চীনা দূতাবাসের প্রতিনিধিসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।
নন্দিত নাট্যনির্মাতা অরণ্য আনোয়ারের এটি প্রথম সিনেমা। এটি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গল্পটি আমি ও আমার বন্ধু পুলক কান্তি বড়ুয়া নিজেদের মধ্যে লালন করছি দীর্ঘ সময়। অবশেষে সেটি মুক্তির মিছিলে আছে, এটাই আপাতত স্বস্তির বিষয়। এখনই সবার পক্ষ থেকে যে সাড়া পাচ্ছি, তাতে আমি ও আমরা অভিভূত। আশা করছি ছবিটি দেখার পর একই মুগ্ধতা পাবো দর্শকদের কাছ থেকে।’
নির্মাতা আরও জানান, এই ছবিটি সকল ধর্ম-বর্ণ, যুদ্ধ-স্বাধীনতা পেরিয়ে মূলত একজন মা’য়ের গল্প। যে মা তার কোলের সন্তানকে নিয়ে অন্য এক যুদ্ধজয়ের গল্প শোনাবেন দর্শকদের। পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করা হয়েছে ছবিটিকে।
‘মা’ ছবিতে পরীমণির সঙ্গে আরও রয়েছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে।
জনতার আওয়াজ/আ আ