ব্রাহ্মণবাড়িয়ায় এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের আগে নিজেদের পছন্দ করা পোশাক উপহার হিসেবে পেয়েছেন দেড়শতাধিক এতিম, ছিন্নমূল পথশিশু, প্রতিবন্ধীসহ সুবিধাবঞ্চিতরা। ‘আমরাও কিনুম ঈদের খুশি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র পক্ষ থেকে তাদের হাতে এই ঈদ উপহার তুলে দেয়া হয়।
শনিবার (২৯ মার্চ) দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলার এতিম, প্রতিবন্ধী, প্রকৃত ছিন্নমূল পথশিশুসহ সুবিধাবঞ্চিত বিভিন্ন বয়সীদের নিয়ে শহরের সমবায় মার্কেটসহ বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে তাদের পছন্দসই কাপড় কিনে দেয়া হয়।
শিশুরা তাদের পছন্দমতো থ্রিপিস, শার্ট-প্যান্ট, টি-শার্ট এবং বয়স্করা নিজেদের পছন্দের লুঙ্গী, পাঞ্জাবি ও শাড়ি কিনে নেন। নিজেদের পছন্দের কাপড় পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন শিশুরা। কারো কারো চোখে ছিল আনন্দের অশ্রুধারা। পরে তাদের প্রত্যেকের হাতে সেমাই, দুধ, চিনিসহ নানান ধরনের ঈদসামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ ব্যাংকের আইন উপদেষ্টা ও হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়ার এডমিন অ্যাডভোকেট লুতফুর রহমান রাসেল, খালেদ হাসান আজাদ, এনামুল হক রিমন, মো. জুনায়েদ ভুঁইয়া, স্বাস্থ্য সহকারী সুজন খান, ফায়েজুর রহমান, আরিফ চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ