ব্রাহ্মণবাড়িয়ায় শীতের সবজি বাজারে এলেও দাম চড়া - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শীতের সবজি বাজারে এলেও দাম চড়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৮, ২০২২ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৮, ২০২২ ৫:০২ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহ দুয়েক ধরেই শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলা থেকে শহরের বেশ কয়েকটি বাজারে শীতকালীন শাক-সবজি আসা শুরু করেছে। তবে দামের উত্তাপ এখনও কমেনি। শীতের সবজি চড়া দামেই কিনতে হচ্ছে শহরবাসীকে। শিম ছাড়া বেশির ভাগ সবজিতেই চড়া দাম লক্ষ্য করা গেছে।

দু’দিন (২৭,২৮ নভেম্বর) সকালে ও রাতে শহরের বেশ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

শহরের আনন্দ বাজারের গত এক সপ্তাহের বাজারদর তুলনা করলে দেখা যায়, সবজির মধ্যে শিমের দাম কমেছে। দুই সপ্তাহ আগেও শিম বিক্রি হয়েছে ৯০ টাকা কেজি দরে। গত সপ্তাহে তা ছিল ৭০ টাকায়। এই সপ্তাহে শিম বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। শিমের দাম কমলেও বেড়েছে অন্যান্য সবজির দাম। বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০টাকা কেজি দরে। টমেটো বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। উঠেছে নতুন আলুও। বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

এছাড়া করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, কচুর লতি ৬০ টাকা, ধুন্দল বিক্রি হচ্ছে ৬০ টাকা ও শসা ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির দাম সম্পর্কে জানতে চাইলে ফারুকী বাজারের সবজি বিক্রেতা হীরণ মিয়া বলেন, ‘দাম তো বাড়তি। আড়তে দাম না কমলে আমাদের কিছু করার নেই।’

মেড্ডা বাজারের সবজি বিক্রেতা শফিক বলেন, শীতের সবজি এখনও সব আসেনি। সব যখন আসবে, তখন দাম কিছুটা কমতে পারে। এছাড়া ফারুকি বাজার, কাউতলী বাজার ও বর্ডার বাজারে ৭০ টাকার কমে রয়েছে শুধুই পেঁপে। বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

তিনি বলেন, লাউ আকারভেদে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়ার ফালি ৩০ টাকা। কিছুটা কমেছে বাঁধাকপি ও ফুলকপির দাম। বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা পিস দরে। বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। কাঁচা কলার হালি ৪০ থেকে ৫০ টাকা। লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা, মূলা ৪০ টাকা কেজি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ