'ব্ল্যাক ডায়মন্ড' খ্যাত গায়িকা বেবী নাজনীনের জন্মদিন আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত গায়িকা বেবী নাজনীনের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী বেবী নাজনীন। জনপ্রিয় এই সঙ্গীত তারকার জন্মদিন আজ (২৩ আগস্ট)। ১৯৬৫ সালের ২৩ আগস্ট তিনি নীলফামারী জেলার সৈয়দপুর জন্মগ্রহণ করেন।

‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত এই সঙ্গীত তারকা বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। দেশের চেয়ে বিদেশের অনুষ্ঠানেই তার ব্যস্ততা এখন বেশি। এজন্য গত কয়েক বছর তিনি দেশে-বিদেশে আসা-যাওয়ার মধ্যেই রয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরসহ কানাডা, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যেই সবচেয়ে বেশি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। গেল বছর ১৯ আগস্ট নিউ ইয়র্কের লং আইল্যান্ড ফেস্টিভ্যালে পারফর্ম করেন এ তারকা।

গত সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। আধুনিক সঙ্গীতে শতাধিক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সঙ্গীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমানতালে।

তার জনপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে- ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘আজ পাশা খেলবো রে শ্যাম’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে.. এ প্রাণো বুঝি যায় রে’সহ আরও অসংখ্য গান। তার কোকিল কণ্ঠে সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভান্ডার।

সাফল্য এবং প্রাপ্তির দীর্ঘ সিঁড়ি পেরিয়ে এসেছেন বেবী নাজনীন। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেবী নাজনীন তার ক্যারিয়ারে দেশ-বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। শুধু গায়িকাই নন, নিজের অনেক গান তিনি নিজেই রচনা করেছেন। বইয়ের বাজারে তার তিনটি কাব্যগ্রন্থও প্রকাশ হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ