ভারতকে দেয়া ট্রানজিট-করিডোর বাতিল করতে হবে : রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতকে দেয়া ট্রানজিট-করিডোর বাতিল করতে হবে : রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার গদি আর বাংলাদেশে ভারতের নিয়ন্ত্রণ হারিয়ে দিশেহারা নরেন্দ্র মোদি।

তিনি বলেন, শেখ হাসিনার মতো প্রফেসর ইউনূসকে বশ করতে না পেরে ভারত সরকার রাগ-দুঃখে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। তারা ভুলে গেছে তাদের সাতরাজ্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকে বাংলাদেশের ট্রানজিট এবং করিডোর ব্যবহারের আশায়। সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত এবং অত্র অঞ্চলে বাংলাদেশই একমাত্র সমুদ্রের নিয়ন্ত্রক। তাই অন্তর্বর্তী সরকারকে আহবান জানাই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পাল্টা জবাব দিন। অবিলম্বে হাসিনার শাসনামলে ঢাকা-দিল্লির সব ধরনের গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং ভারতকে দেয়া সকল ট্রানজিট-করিডোর সুবিধা বাতিল করতে হবে।

আজ রোববার সকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত ‘ভারত কতৃক ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রতিবাদে, ভারতকে দেয়া সকল ট্রানজিট-করিডোর বাতিলের দাবিতে’ প্রতিবাদ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, হিন্দুস্তান কখনোই আমাদের বন্ধু ছিল না। ৭১ থেকে ২৪ বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর নীলনকশায় তারা বন্ধুত্বের অভিনয় করেছে। তাদের নোংরা অভিনয় এবং ভারতীয় সংস্কৃতি থেকে দূরে থাকার লক্ষ্যে দেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বন্ধ করা প্রয়োজন। একদা হিন্দুত্ববাদী মোদি গরু এবং পেঁয়াজ রফতানি বন্ধ করেছিল, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। কিন্তু বাংলাদেশের মানুষ ভারত ভ্রমণ এবং চিকিৎসা সেবা নেয়া বন্ধ করেছে, তাতেই ভারতের ব্যবসায়ীদের ক্রন্দন থামছে না। আমরা এবার পরিপূর্ণরূপে ভারত এবং ভারতীয় পণ্য বয়কট করব। ৫ আগস্ট ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদ থেকে যেই মুক্তি এসেছে, তাকে সমুন্নত করতে হবে।

জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব মাহিদুর রহমান বাবলা, ঢাকা জেলা জাগপা সহসভাপতি জিয়াউল আনোয়ার এবং জাগপা ছাত্রলীগ সহসভাপতি রেজাউল ইসলাম, যুব জাগপার ক্রীড়া সম্পাদক জনি নন্দী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ