ভারতের দিল্লিতে অবস্থিত বিবিসি’র কার্যালয়ে তল্লাশি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ

ভারতের দিল্লিতে অবস্থিত বিবিসির কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন আয়কর দপ্তরের কর্মকর্তারা। স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ এই তল্লাশি শুরু হয়। সেখানে দিল্লি পুলিশও ছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ঘিরে বিতর্কের মধ্যেই দিল্লিতে সংবাদমাধ্যমটির কার্যালয়ে তল্লাশি চালানো হল।
ডয়েচে ভেলে জানায়, পুরো দপ্তর ভেতর থেকে সিল করে দেয়া হয়েছে। বিবিসির সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, ভেতরে বেশ কিছু কর্মীর ফোন এবং কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে।
ডয়চে ভেলে আয়কর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে বিবিসির দপ্তরে তল্লাশি চালানো হচ্ছে, নাকি কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
আয়কর দপ্তরের সূত্রের ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সাংবাদিক জানিয়েছেন, কাগজপত্র খতিয়ে দেখার জন্যই বিবিসির দপ্তরে যাওয়া হয়েছে। তবে যেভাবে এদিন বিবিসির দপ্তর সিল করে, সাংবাদিকদের ভেতরে বসিয়ে রেখে আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে, তা নজিরবিহীন।
বিবিসির সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, তাদের মুম্বাই অফিসেও তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, আন্তর্জাতিক আয়করে গরমিলের জন্যই বিবিসির দপ্তরে আয়কর দপ্তরের কর্মকর্তারা পৌঁছেছেন। কিন্তু সরকারিভাবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
‘ইন্ডিয়া, দি মোদি কোয়েশ্চেন’ নামে বিবিসির দুই পর্বের অনুসন্ধানী তথ্যচিত্র গত জানুয়ারিতে প্রচারের পর ব্যাপক চাপের মুখে পড়েন মোদি। প্রথম পর্বের তথ্যচিত্রে ২০০২ সালের গুজরাট দাঙ্গায় ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হয়। ভারতে যেন এই তথ্যচিত্রটি দেখা না যায় তা নিশ্চিত করতে বিজেপির সরকার নজিরবিহীন তৎপরতা শুরু করে। ভারতের রাজনীতিতে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
জনতার আওয়াজ/আ আ