ভারত আমাদের পরীক্ষিত বন্ধু: মুক্তিযুদ্ধ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ১২, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ১২, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ভারত আমাদের পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
বুধবার (১২ জুন) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচন এবং বাংলাদেশ ও উন্নয়নশীল দেশসমূহের গণতান্ত্রিক ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি।
ভারতকে উদ্দেশ্য করে আলোচনা সভায় আ.ক.ম মোজাম্মেল হক বলেন, প্রতিবেশীর সাথে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে চলা মুশকিল হয়ে যাবে। মুক্তিযুদ্ধের ভারত আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। আমাদের খারাপ সময়ে ভারত আমাদের পাশে ছিল। ভারত আমাদের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, তেমনিভাবে আমরাও ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু।
তিনি বলেন, ভারতে সম্প্রতি নির্বাচন হয়েছে। ভারতের নির্বাচন নিয়ে সে দেশের মানুষ কোনো কথা বলে না। সবাই সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এরকম ব্যবস্থা আমাদের দেশেও চালু করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, সাংবাদিক মানিক লাল ঘোষ, মুক্তিযোদ্ধা এম এ ফারুক, মানবাধিকার কর্মী জেসমিন প্রেমা প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ