ভোটদান থেকে বিরত থাকার আহ্বান চরমোনাই পীরের - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটদান থেকে বিরত থাকার আহ্বান চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

এবারের জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা ও পাতানো দাবি করে এই নির্বাচনে সবধরনের সহযোগিতা করা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ধোঁকাবাজির নির্বাচনে দেশপ্রেমিক ঈমানদার জনতা ভোটদান থেকে বিরত থাকবে। ভোট বর্জনের মাধ্যমে পাতানোর নির্বাচন রুখে দিতে হবে। সেইসাথে ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদেরও ভোটকেন্দ্রে যাওয়া কিংবা ভোটদান থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংগঠনের ঢাকা বিভাগের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বক্তব্য দেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচি মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, মুফতী হেমায়েতুল্লাহ, আব্দুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা নূরুল ইসলাম আল আমিন, মাওলানা আরিফুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন, ডা. দেলোয়ার হোসেন।

চরমোনাই পীর বলেন, ‘নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। নতুন কারিকুলামে যৌন শিক্ষাসহ এমন বিষয় সংযুক্ত করা হয়েছে, যাতে উঠতি বয়সি ছেলে-মেয়েরা বিপথগামী হয়ে নিশ্চিত ধ্বংসের দিকে ধাবিত হবে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সিলেবাস থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়া হয়েছে ইসলামের ইতিহাস, মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধ, উদ্দীপনামূলক কবিতা, গল্প ও প্রবন্ধ। এটা মুসলিম জনগোষ্ঠীর নতুন প্রজন্মকে সর্বনাশ করে ফেলবে।’

নতুন কারিকুলাম ও পাঠ্যপুস্তক বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষা ইসলামি মূল্যবোধ থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষিতরা শুধু নৈতিক অবক্ষয়ের শিকার নয়, বরং তাদের চারিত্রিক স্খলনও ঘটছে। ধর্ষণ, ব্যভিচার, অশ্লীলতা ও নগ্নতায় সমাজ-জীবন দূষিত হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষিত দুশ্চরিত্রদের হাত থেকে নিরাপদ নয়। মেয়েদের উচ্চ শিক্ষা নিয়ে অভিভাবকরা আজ গভীরভাবে উদ্বিগ্ন। মানব জীবনের ও মানব চরিত্রের উৎকর্ষ সাধনে এবং ন্যায়নীতিভিত্তিক শান্তি-শৃঙ্খলাপূর্ণ আদর্শ সমাজ গঠন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই।’

চরমোনাই পীর একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে ২২ ডিসেম্বর শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ