ভোটারদের নজর কাড়তে পোস্টার-ব্যানারে সয়লাব সিলেট নগরী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটারদের নজর কাড়তে পোস্টার-ব্যানারে সয়লাব সিলেট নগরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৬, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
ভোটারদের নজর কাড়তে ব্যানার, তোরণ, ফেস্টুন, বিলবোর্ডে সয়লাব সিলেট নগরী। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েক মাস ধরে নগরীর ৪২টি ওয়ার্ডের প্রত্যেক পাড়া-মহল্লায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এসব সাঁটিয়েছেন। এরই মধ্যে সেগুলো অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়েছে; কিন্তু ইসির এ নির্দেশনা কেউ আমলে নেয়নি। ইসির নির্দেশনা কার্যকর করতে শিগগিরই অভিযানে নামবে আঞ্চলিক নির্বাচন কার্যালয়। সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী দু-একদিনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

সরেজমিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোটারদের নজর কাড়তে দলীয় মনোনয়ন প্রত্যাশায় ও ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং তাদের সমর্থকরা এসব ব্যানার-ফেস্টুন-তোরণ-বিলবোর্ড সাঁটিয়েছেন। সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির দলীয় মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম ও মাহবুবুর রহমান চৌধুরীর সমর্থনে বিলবোর্ড ও তোরণের আধিক্য দেখা গেছে। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হাসানের সমর্থনেও মহানগরে পোস্টার সাঁটানো হয়েছে। এ ছাড়া প্রতিটি পাড়া-মহল্লায় কাউন্সিলর প্রার্থীরা ব্যানার-পোস্টার সাঁটিয়েছেন বেশুমার। যেসব ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর আধিক্য, সেসব এলাকায় প্রচারণা সামগ্রীও তত বেশি। দেখা গেছে, নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডে ২০ জনের বেশি কাউন্সিলর প্রার্থী ব্যানার-পোস্টার সাঁটিয়েছেন।

নির্ধারিত সময়ের মধ্যে সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী অপসারণ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।

এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সামগ্রী থাকলে তা মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাত ১২টার আগে সংশ্লিষ্ট ব্যক্তিগণকে নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আগামী ২১ জুন ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২৫ মে মনোনয়নপত্র বাছাইয়ের এবং ১ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ আরও জানান, গত দুদিন নগরীতে প্রার্থীদের প্রচার সামগ্রী সরানোর জন্য মাইকিং করা হয়েছে। সিটি করপোরেশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এখন আমরা অ্যাকশনে যাব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ