ভোটারের সঙ্গে বুথে প্রবেশ করছেন সহকারী প্রিজাইডিং অফিসার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটারের সঙ্গে বুথে প্রবেশ করছেন সহকারী প্রিজাইডিং অফিসার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৮, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৮, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনের একটি কেন্দ্রে দেখা গেছে এক নারী ভোটারকে কাপড় দিয়ে মোড়ানো বুথের ভেতর ঢুকে ভোট প্রয়োগে সহায়তা করছেন কেন্দ্রটির সহকারী প্রিজাইডিং অফিসার ইমাম হোসেন ভুইঞা। এভাবে কোনো প্রিজাইডিং অফিসার ভোট প্রয়োগে সহায়তা করতে পারেন না বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

বুধবার (৮ মে) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট বাজারের নশাসন সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে গিয়ে কেন্দ্রটিতে দেখা যায়, কেন্দ্রটির মাঠে ভোটারদের কোনো লাইন নেই। অলস সময় পার করছেন নির্বাচনে দায়িত্বরত ব্যক্তিরা। কেন্দ্রটির বারান্দায় দাঁড়িয়ে থেকে দেখা যায়, সাদা কাপড় দিয়ে মোড়ানো বুথের ভেতর থেকে বের হচ্ছেন এক নারী ভোটার ও কেন্দ্রটির সহাকারী প্রিজাইডিং অফিসার ইমাম হোসেন ভুইঞা।

বুথ থেকে বের হওয়ার পরে ওই নারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ি মাঝি কান্দি। এই বলে তিনি চলে যান।

বিষয়টি নিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার ইমাম হোসেন ভুইঞার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার ভুল হয়ে গেছে। আইনগত ভাবে এটা আমি পারি না। সামনে আর এমন কাজ করব না।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. তৌফিকুর রহমানের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড নীরিক্ষা শেষে বলেন, আমি এবিষয়ে কোনো কথা বলব না। আপনি আমার উর্ধ্বতন কর্মকতার সঙ্গে কথা বলুন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান বলেন, বুথের ভেতর ভোটার ছাড়া আর কারও প্রবেশের সুযোগ নেই। যদি কোনো প্রিজাইডিং অফিসার বা কোনো এজেন্ট এমন কাজ করে থাকেন তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটরসাইকেল প্রতীকে একেএম ইসমাইল হক, আনারস প্রতীকে আলাউদ্দিন বেপারী, ঘোড়া প্রতীকে মামুন শিকদার। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে আলমগীর ফকির, উড়োজাহাজ প্রতীকে জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে নাজমা আক্তার, হাঁস প্রতীকে রাজিয়া সুলতানা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ