ভোটের আগে কোনো উন্নয়ন প্রকল্প নয়: ইসি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৮, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটের আগে কোনো উন্নয়ন প্রকল্প নয়: ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠু করতে ভোটের আগে উন্নয়ন প্রকল্প সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে কমিশন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৪ (৪) অনুযায়ী নির্বাচনি তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান ঘোষণা, বরাদ্দ প্রদান বা অর্থ অবমুক্ত করতে পারবেন না।

নিষেধাজ্ঞায় আরও বলা হয়েছে, নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনো প্রার্থী সিটি কর্পোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি যেমন অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি বা অন্য কোনো সুযোগ সুবিধা নির্বাচনি কাজে ব্যবহার করতে পারবেন না। এমনকি মাশুল প্রদান করেও এসব ব্যবহার করা যাবে না। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারীকেও কোনো অবস্থাতেই নির্বাচনি কাজে ব্যবহার করা যাবে না।

ইসি জানিয়েছে, আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৪ (৩) অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রার্থী সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের রাজস্ব কিংবা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফলক উন্মোচন করতে পারবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে পূর্বে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান একান্ত প্রয়োজন হলে সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি নিতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর এসব বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি ২৭ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ