ভোট আসলে যেভাবে ছুটে যান, সেভাবে সারা বছর মানুষের পাশে থাকুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ভোট আসলে যেভাবে মানুষের কাছে ছুটে যান, সেভাবে সারা বছর মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, রাসূল (সা.) রমজান মাস আসার আগেই যেভাবে পদক্ষেপ নিতেন, সেই আলোকে আমরাও প্রস্তুতি নিয়ে থাকি। রমজান মাসে মুসলমানেরা যাতে ফরজ দায়িত্বগুলো শান্তি ও স্বস্তির সাথে পালন করতে পারে তার আয়োজন অতিতে রাষ্ট্র কর্তৃক কোন পদক্ষেপগ্রহণ করা হয়নি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এসব আয়োজন রাষ্ট্র কর্তৃক করা হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, রমজান মাসে রোজাদারদের শান্তি ও স্বস্তির জন্য চাঁদাবাজ, সন্ত্রাসী, অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর হতে হবে। রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কার্যক্রম বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। রমজান উপলক্ষে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করায় তিনি অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।
এসময় তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, ভোট আসলে জনগণের কাছে যেভাবে ছুটে যান, একইভাবে মানুষের প্রয়োজনে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রমজান মাসে খাদ্য সামগ্রী নিয়ে যেতে হবে। জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সারা বছর জুড়ে সমাজ সেবা কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং যাবে। একটি বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াতে ইসলামীর সামাজিক কার্যক্রম দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রমাদান উপলক্ষ্যে গরিব ও অসচ্ছলদের মাঝে ফুড প্যাকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজান মাসে কঠোর হাতে বাজার মনিটরিং করতে হবে। যাতে করে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বৃদ্ধি করে জনগণের ভোগান্তি সৃষ্টি করতে না পারে।
কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতি বছরের ন্যায় এবছরও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি পুরো মাস জুড়ে চলবে। তিনি রাজনীতির জন্য যেন রাজনীতি না করার আহবান জানিয়ে বলেন, রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য। নিজের বা দলের কল্যাণের পিছনে ছুটেলে মানুষ রাজনৈতিক দলগুলো থেকে শোষণের শিকার হয়। মানুষকে শোষণ না করে সেবা করতে তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ কামাল হোসাইন, শামসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- মহানগরীর কর্মপরিষদ সদস্য শ্রমিক নেতা আব্দুস সালাম, মাওলানা মোশাররফ হোসাইন, শাহীন আহমদ খান, মহানগরী প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ।
সভা শেষে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রীর ফুড প্যাকেট বিতরণ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল সহ উপস্থিত মহানগরীর নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ