ভোট নিয়ে বিএনপির চোখ লন্ডনে - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট নিয়ে বিএনপির চোখ লন্ডনে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ণ

 

আসে সাংগঠনিক ও রাজনৈতিক চূড়ান্ত সব সিদ্ধান্ত

আগামী ভোট নিয়ে বিএনপির চোখ এখন লন্ডনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির সব কর্মকান্ডের কেন্দ্রবিন্দু এখন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে যত আলাপ-আলোচনাই করুন না কেন, দলের এই হাইকমান্ডের সিদ্ধান্ত ও ইশারা ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণের কথা চিন্তাই করতে পারেন না কেউ। এমনকি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী

কমিটিতে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনার পর সিদ্ধান্তের প্রশ্ন এলে কমিটির সব সদস্য মিলে শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপরই দায়িত্ব অর্পণ করে থাকেন। ফলে যে কোনো সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে লন্ডন থেকে। এটাই এখন বিএনপিতে নিয়মে পরিণত হয়েছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ ও গৃহবন্দি অবস্থায় রাজনীতি থেকে দূরে থাকায় দল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের সব আস্থা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দুও হয়ে উঠেছেন তারেক রহমান। দলীয় নীতিনির্ধারক ও নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।

দলের অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হলেন দলের হাইকমান্ড, তথা বিএনপির কেন্দ্রবিন্দু। আর তিনি অবস্থান করছেন লন্ডনে। সুতরাং দলের নেতাদের দৃষ্টি তো লন্ডনেই থাকবে। তা নয় তো কি অন্য কোনো দলের নেতাদের দিকে থাকবে?

একই অভিব্যক্তি প্রকাশ করেছেন দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ম্যাডামের পর দলের শীর্ষনেতা হলেন তারেক রহমান। তার অবস্থান এখন লন্ডনে। সুতরাং বিএনপির চোখ লন্ডনে থাকবে, নাকি আমেরিকায় অবস্থানরত কোনো আওয়ামী লীগ নেতার দিকে থাকবে? কর্তৃত্ববাদী সরকারের শাসনামলে প্রতিকূল পরিস্থিতির কারণে তিনি আজ দেশে আসতে পরছেন না। সে জন্য তিনি সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছেন। পরিবেশ অনুকূল হলে ইনশা-আল্লাহ তিনি অবশ্যই দেশে ফিরে আসবেন। আর সেদিনও বেশি দূরে নয়। দলের অপর একজন নীতিনির্ধারক জানান, তারেক রহমানের নির্দেশনায় যেমন রাজপথে আন্দোলন চলছে, তেমনি ভিতরে ভিতরে নির্বাচনী প্রস্তুতির কাজও চলছে। চলছে প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া। এমনকি নির্বাচনী ইশতেহার তৈরির কার্যক্রমও চলছে পুরোদমে। এই তো মাত্র কিছুদিন আগে এ জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। 

সেটিও গঠন করে দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে। এ কমিটি এখন দেশের বিশিষ্ট আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, রাজনীতি বিশেষজ্ঞসহ বিভিন্ন সেক্টরের এক্সপার্টিজদের সহায়তা নিচ্ছে। জানা গেছে, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কয়েক মাসে বিএনপির অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা লন্ডনে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন। তার সঙ্গে দেখা করতে যাবেন আরও অনেকে। দলে দলে লন্ডনমুখী হচ্ছেন বিএনপি নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ, তার গুডবুকে নাম লেখানো ও এ ব্যাপারে এলাকায় আওয়াজ তোলা, দলের ভিতরে নিজের কদর বৃদ্ধিসহ নির্বাচনে মনোনয়ন তথা প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করতেই মূলত তারা হুমড়ি খেয়ে পড়ছেন লন্ডনে। কেউ কেউ আবার সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে নানা পোজের ছবি তুলে সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানানও দিয়েছেন নিজেদের লন্ডন সফরের কথা। তবে এর মধ্যে বেশির ভাগ নেতাই স্ব-উদ্যোগে লন্ডন গিয়ে চেষ্টা-তদবির করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন। জানা গেছে, গত এপ্রিল থেকে দলের বিভিন্ন স্তরের ৬০ জনের বেশি নেতা লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন। এর মধ্যে বিএনপির সমমনা দলেরও কেউ কেউ রয়েছেন। 

বিএনপির উল্লেখযোগ্য নেতার মধ্যে সফর করে এসেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, আরেক উপদেষ্টা ও ঢাকা মহানগরী উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমসহ আরও অনেকে। এ ছাড়া বিএনপির সাবেক জোটসঙ্গী ও বর্তমানে যুগপৎ আন্দোলনের সমমনা দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ছবি তুলে যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। একটি বেসরকারি টেলিভিশনে টক-শোতে তিনি একথা স্বীকার করে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমার আগে থেকেই ভালো সম্পর্ক রয়েছে। তার সঙ্গে সাক্ষাৎকালে রাজনীতির অনেক বিষয়েই কথা হয়েছে। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দিয়েছেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন এমন অনেক নেতা লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা-সাক্ষাৎ শুরু করেছেন। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ