ভোট বর্জনের আহ্বান যুবদল সভাপতির - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট বর্জনের আহ্বান যুবদল সভাপতির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দেশের যুব ও তরুণ সমাজকে ‘একতরফা’ ও ‘ডামি’ নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। শনিবার এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

যুবদলের সভাপতি বলেন, ফ্যাসিস্ট সরকার আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো একটি ডামি নির্বাচন আয়োজন করেছে। এ দেশের জনগণ মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। সেই যুদ্ধে নেতৃত্বে ছিল এই তরুণ আর যুব সমাজ। এই দেশের তরুণ ও যুব সমাজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ৯ বছর লড়াই করে, সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল। ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিল। আজ ১৯৭৫ সালে বাকশাল গঠনের মতো একই দল ও একই সরকার আবারও দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছে। আজকে গণতন্ত্র ধ্বংস করেছে।

টুকু বলেন, এবারও বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। এই আন্দোলনে লাখো তরুণ ও যুবকরা নিজেদের বিলিয়ে দিয়েছেন অকাতরে। হাজার-হাজার নেতাকর্মী আজ এই ফ্যাসিবাদের কারাগারে বন্দি। দেশের এই বৃহৎ জনগোষ্ঠী আজ ফুঁসে উঠেছে। বিগত দিনে ভোটাধিকার বঞ্চিত করায় এই তরুণ সমাজ ও যুব সমাজের হৃদয়ে আঘাত লেগেছে। তারা অবশ্যই এই নির্বাচন বর্জন করবে। তারা একযোগে এই পাতানো, সাজানো আর ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করবে।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, একসঙ্গে আওয়াজ তুলি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করি। আজ আপনি এই অবৈধ সরকারের ডামি ভোটকে প্রত্যাখ্যান করলে আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর, শান্তিপূর্ণ আর উন্নত গণতান্ত্রিক দেশ উপহার দিতে পারব। সেই রাষ্ট্র বিনির্মাণে সবাই এগিয়ে আসুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ