ভোলা ৪-ভোটের মাঠে বিএনপি জামায়াতের প্রচারণা তুঙ্গে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলা ৪-ভোটের মাঠে বিএনপি জামায়াতের প্রচারণা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দ্বীপ জেলার চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা-৪ আসন। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা তেঁতুলিয়ার তীরে অবস্থিত আসনটি। ইতিমধ্যে এই দুই উপজেলায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে। আসনটি বরাবরই ছিল বিএনপি’র দুর্গ। তবে দেড় যুগ ধরে আওয়ামী লীগের একতরফা নির্বাচনে এই আসন থেকে একাধিকবার এমপি হন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির সম্ভাব্য প্রার্থীরা মরিয়া দুর্গটি পুনরুদ্ধারে। তবে দীর্ঘ দেড় যুগের মতো ক্ষমতার বাইরে থেকে বিএনপি কিছুটা পিছিয়ে পড়েছে। দলের মধ্যে একাধিক প্রার্থী ও নানা কোন্দলে বিপর্যস্ত দলটি। তবে স্থানীয় নেতারা দল ও কর্মীদের সংগঠিত করতে কাজ করছেন সমানতালে। নানাভাবে বিভক্ত থাকলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে দলটি সুসংগঠিত হয়েছে। হাইকমান্ডের নির্দেশে সবাই কাজ করছেন। এ ছাড়া দলটির মনোনয়নপ্রত্যাশী নেতারা এলাকায় সক্রিয় রয়েছেন। তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো পালন করছেন নিয়মিত। অপরদিকে, জামায়াতের মনোনীত একক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সম্ভাব্য একক প্রার্থী সরকার পতনের পর থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন। এ আসনে বিএনপি’র মনোনয়ন চাচ্ছেন একাধিক নেতা। তাদের মধ্যে রয়েছেন- বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, ডাকসু’র সাবেক এজিএস সাবেক সংসদ সদস্য আলহাজ নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া। বিএনপি দলীয় মনোনয়ন দৌড়ে নাজিম উদ্দিন আলম এগিয়ে। তবে দলের হাইকমান্ডের আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চায় নুরুল ইসলাম নয়ন। অন্যদিকে, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের বিএনপিপন্থি আইনজীবী হিসেবে এডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি নিয়মিত চরফ্যাশন ও মনপুরার এলাকার মানুষের কাছে ছুটে যাচ্ছেন। মানুষের খোঁজ-খবর নিচ্ছেন। নিজ অর্থায়নে এলাকায় উন্নয়নমূলক কাজ করছেন। সাবেক এমপি নাজিম উদ্দিন আলম বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছি। দলের কর্মসূচি বাস্তবায়নে মৃত্যুর মুখ থেকে আল্লাহ আমাকে ফিরে এনেছেন। এখনো লিভারে বুলেট নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমি চরফ্যাশনের ব্যাপক উন্নয়ন করেছি। চরফ্যাশনে আধুনিক শিক্ষার ভিত স্থাপন করেছি। এ অঞ্চলে বিদ্যুৎ ছিল না। আমিই সর্ব প্রথম বিদ্যুতের ব্যবস্থা করেছি। উপজেলায় কোনো পাকা সড়ক ছিল না। সদর থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থাপনায় আঞ্চলিক মহাসড়ক, দুলারহাট, দক্ষিণ আইচা বাজার, ভূঁইয়ারহাট, চেয়ারম্যান বাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোর সড়ক আমি পাকা করে দিয়েছি। এ আসনটিতে আমি তিন-তিনবার নির্বাচিত হয়েছি। এ ছাড়াও আসনটি ছিল বিএনপি’র দুর্গ। ছিল চরম অবহেলিত। দুর্গ উদ্ধারে দৃশ্যমান অনেক উন্নয়ন করেছি। দল আমাকে মনোনয়ন দিলে- আসনটিতে আমি নির্বাচনে অংশ নেবো এবং জয়ী হবো। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আমি এই জনপদের সন্তান। ঢাকা কেন্দ্রীয় আন্দোলন-সংগ্রাম আমি চালিয়ে যাচ্ছি। চরফ্যাশন-মনপুরার উন্নয়নে কাজ করেছি। স্থানীয় দলীয় নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন। দলীয় হাইকমান্ড আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো। সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিক উল্যাহ মিয়া বলেন, আমি ছাত্রজীবন থেকেই বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। বিএম কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। বর্তমানে সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত আছি। নির্বাচনকে ঘিরে চরফ্যাশন-মনপুরার গ্রামীণ জনপদ, রাস্তা-ঘাটসহ জনকল্যাণে অবকাঠামোগত উন্নয়নে আমি অনেক কাজ করেছি। এখন বৃহত্তর পরিসরে কাজ করার ইচ্ছা আছে। এদিকে, জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. মোস্তফা কামাল। সরকার পতনের পরপরই তিনি মাঠ চষে বেড়াচ্ছেন। সংসদ সদস্য হয়ে এলাকায় চোখে পড়ার মতো উন্নয়ন করবেন বলে আশাবাদী। তিনি জানান, তার দলটি এখন সু-সংগঠিত। এখানকার জনগণ ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী। এ ছাড়াও চরফ্যাশন-মনপুরায় বিভিন্ন হাট-বাজার চষে বেড়াচ্ছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (হাতপাখা মার্কা) সম্ভাব্য প্রার্থী অধ্যাপক কামাল হোসেন। তিনি জনগণের দোয়া চেয়ে ব্যানার-ফেস্টুন ঝুলাচ্ছেন। মাঝে মধ্যে মিছিল-মিটিংও চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন চাইবেন বলে তিনি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ