মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ই সিদ্ধান্ত দেবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
পহেলা বৈশাখ বা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা, তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসহ আনুষঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংস্কৃতি উপদেষ্টা ফারুকী বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম কী থাকবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সবার সাথে আলাপ করছে। ১০ এপ্রিল সংবাদ সম্মেলন করে তারা তাদের সিদ্ধান্ত জানাবে।
তিনি বলেন, ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে এক বৈঠক শেষে আমাকে ‘মিস কোড’ করা হয়েছে যে, নাম মঙ্গল শোভাযাত্রাই থাকবে।
উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত নাম অপরিবর্তিত রাখা বা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেহেতু তারা এই শোভাযাত্রার আয়োজন করে।
পহেলা বৈশাখে নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি ও ঘাটতি নেই। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারাদেশে আনন্দের সঙ্গে পহেলা বৈশাখ উদযাপিত হবে।
এলাকাভিত্তিক ঝুঁকি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনতার আওয়াজ/আ আ