মণি’র মৃত্যু দিয়েই শেষ হচ্ছে ‘মাশরাফি জুনিয়র’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির জনপ্রিয় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। এরইমধ্যে পার করেছে হাজার পর্ব। টানা কয়েকবছর ধরে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। এবার বোধহয় শেষ হওয়ার পালা।
কারণ নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করা ‘মণি’র মৃত্যু ঘটছে নাটকটিতে। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ ট্যাগ লাইন নিয়ে বছর কয়েক আগে শুরু হয়েছিল দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’। গল্পের ধারা অব্যাহত রেখে নাটকটির মূল চরিত্র ও খেলার মাঠের ‘মাশরাফি জুনিয়র’ মণি তার স্বপ্নের জাতীয় দলে খেলবে, এটি দেখতে পাওয়াই দর্শকের চাওয়া। তবে গত ৮ জুলাই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকের শ্যুটিংয়ের কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়ে, যা থেকে ধারণা পাওয়া যাচ্ছে মণির মৃত্যুর।
সেই ধারণা আরো শক্ত হয় যখন নাটকটির পরিচালক সাজ্জাদ সুমন তার ব্যক্তিগত প্রোফাইলের স্ট্যাটাসে লেখেন – ‘কখনও কখনও ইচ্ছার বিরূদ্ধেও কাজ করতে হয়। কখনও কখনও কিছু দৃশ্য শ্যুট করতে গেলে চোখে পানিও চলে আসে। কারণ মৃত্যুদৃশ্য শ্যুট করার চাইতে বোধহয় কঠিন কিছু নাই।’
উল্লেখ্য, আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান।
সাজ্জাদ সুমনের পরিচালনায় নামভূমিকায় দর্শকনন্দিত সাফানা নমনিসহ নাটকে আরো অভিনয় করেছেন সোহেল তৌফিক, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, তৌফিকুল ইমন, শাহজাহান সৌরভ, আজিজুন মীম, শেহজাদ ওমর সহ আরো অনেকে। নাটকের লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারের আগেই ‘মাশরাফি জুনিয়র’ এর দেখা যাচ্ছে দীপ্ত প্লেতে।
জনতার আওয়াজ/আ আ