মতপ্রকাশের স্বাধীনতা শিক্ষার্থীর মৌলিক অধিকার: নাছির উদ্দীন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মতপ্রকাশের স্বাধীনতা শিক্ষার্থীর মৌলিক অধিকার: নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১০, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১০, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত

ছাত্ররাজনীতিতে অংশগ্রহণের সুযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি দাবি করেন, ছাত্রীসংস্থার ‘গুপ্ত কর্মীদের ইন্ধনে’ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে ছাত্ররাজনীতি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে।

শনিবার (৯ মে) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে নাছির উদ্দীন বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা এক শিক্ষার্থীর মৌলিক অধিকার। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ছাত্ররাজনীতিকে বাধাগ্রস্ত করছে।

তিনি অভিযোগ করে বলেন, এর আগেও বিভিন্ন ক্যাম্পাসে ‘গুপ্ত সংগঠন শিবির’ তাদের কর্মীদের ব্যবহার করে ছাত্ররাজনীতি বন্ধের পরিবেশ তৈরি করেছিল।

যারা এসব মবের নেতৃত্ব দিয়েছে, পরে তারাই শিবিরের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি।

পোস্টে তিতুমীর কলেজের একটি ঘটনা উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, কিছুদিন আগে সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করা হয় এবং ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়।

তিনি দাবি করেন, ওই ঘটনায় জড়িত এক ব্যক্তি পরে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচিত হন।

ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাছির উদ্দীন বলেন, আজ একইভাবে ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব ‘মব সন্ত্রাস’ ও ছাত্রদলের নেত্রীদের হয়রানি বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

একইসঙ্গে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নাছির উদ্দীন বলেন, সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ‘কূটচাল বা ধোঁকাবাজির’ কাছে নতি স্বীকার না করার আহ্বানও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ