মতিউরের স্ত্রী লায়লাকে ক্ষমা চাইতে বললেন ডিইউজে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মতিউরের স্ত্রী লায়লাকে ক্ষমা চাইতে বললেন ডিইউজে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৩০, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৩০, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও হীন উদ্দেশ্যমূলক মন্তব্য প্রত্যাহার করে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রবিবার (৩০ জুন) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ দাবি জানান।

ডিইউজের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৭ জুন) নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও হীন উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বড় বড় সাংবাদিককে কিনেই তারপর এসেছি। সব থেমে যাবে।’ তার এমন বক্তব্য সাংবাদিক সমাজকে মর্মাহত করেছে। এ ধরনের উদ্দেশ্যমূলক বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, উদ্দেশ্যমূলক মন্তব্য করে দুর্নীতির সেসব সংবাদ প্রকাশে বিরত রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

কোনো সাংবাদিক লায়লা কানিজের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ নিলে বা সুবিধা আদায় করে থাকলে তার বা তাদের নামও প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তখন মতিউর ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্যও সামনে আসতে শুরু করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ