মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এ সংক্রান্ত সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, মনিরা শারমিন তার মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য উল্লেখ করেছেন। কিন্তু তিনি কোথায়, কবে চাকরি করেছেন—এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জমা দেননি। এ কারণে তার মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর তার মনোনয়নপত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, জামায়াত জোটের শরিক এনসিপি-এর এই নেত্রী ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে চাকরিতে যোগ দেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের যোগ্য হন না। সেই হিসেবে মনিরা শারমিনের মনোনয়নপত্র বৈধ হওয়ার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্টদের ধারণা।

এ পরিস্থিতিতে জামায়াত জোটের জন্য নির্ধারিত ১৩টি সংরক্ষিত নারী আসনের মধ্যে একটি আসন কমে যেতে পারে।

আইন অনুযায়ী, কোনো জোট নির্ধারিত সংখ্যার চেয়ে কম প্রার্থী মনোনয়ন দিলে অবশিষ্ট আসনটি সব দল ও জোটের জন্য উন্মুক্ত হয়ে যায়। সে ক্ষেত্রে নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি জোটের আসন সংখ্যা ৩৭-এ উন্নীত হতে পারে।

কারণ, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সংসদ সদস্যরাই ভোট প্রদান করেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকায় ওই অতিরিক্ত আসনটি বিএনপি জোটের ঝুলিতে যেতে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ