মমতার পদত্যাগ দাবিতে ‘এক দফা’, ধর্মঘটের ডাক বিজেপির - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মমতার পদত্যাগ দাবিতে ‘এক দফা’, ধর্মঘটের ডাক বিজেপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। এবার আন্দোলনের ডাক দিলেন বিরোধীরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ‘এক দফা’ দাবি নিয়ে মাঠে নামছে তারা। প্রতিবাদ জানাতে গোটা রাজ্য ‘স্তব্ধ করার’ ডাক দিয়েছেন বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপির শুভেন্দু অধিকারী।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে বিজেপি দুই ঘণ্টা ‘রাস্তা রোকো’ বা অবরোধের ডাক দিয়েছে। এছাড়া এদিন বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের ডাক দিয়েছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)। শুক্রবার সকাল ৬টা থেকে তাদের এই বন‍্ধ চলছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এসইউসিআই’র ধর্মঘটকে একরকম সমর্থনই দিয়েছেন শুভেন্দু অধিকারী।

‘দফা এক, দাবি এক, সবাইকে বলব কাল স্তব্ধ করে দিন বাংলা’, আওয়াজ তোলেন বিরোধী দলনেতা। এদিকে এসইউসিআই’র বন‍্ধের ডাক নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন। ‘কাল (শুক্রবার) সরকারি কর্মচারীরা অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে’ বলে স্পষ্ট করা হয়েছে নির্দেশিকায়।

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া তাণ্ডবের প্রতিবাদ করে শুভেন্দু বলেন, ‘দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলব, কাল স্তব্ধ করুন বাংলা। বনধ ডেকে করুন, যেভাবে পারেন করুন। সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ।’

এর পাল্টা কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য, ‘আমাদের বাংলায় ধর্মঘট হয় না। কারণ আমাদের ধর্মঘট বন্ধ করা আছে। যে ধর্মঘটে অংশ নেবে সে নিজেরটা নিজে বুঝে নেবে। কিন্তু আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেয়ার পরিকল্পনা করে, সন্ত্রাস করার একটা পরিকল্পনা চলছে বাম আর রামের।’

এছাড়া চিকিৎসক হত্যা-ধর্ষণের প্রতিবাদে শুক্রবার পাল্টা পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সূত্র: এবিপি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ