ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলে খুন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলে খুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ

 

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে সদরের চুরখাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- ওই এলাকার আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় বাড়ির পাশে জমি নিয়ে বিরোধ চলছিল আবুল খায়ের এবং তার চাচাতো ভাই কামাল হোসেনের পরিবারের মধ্যে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। সম্প্রতি আবুল খায়েরের বোনেরা নিজেদের অংশের কিছু জমি বিক্রি করে দেন ময়মনসিংহ নগরীর এক ব্যক্তির কাছে।

আজ বিকেল ৪টার দিকে সেই জমি মেপে বুঝিয়ে দিতে যান আবুল খায়ের ও তার ভাই-ভাতিজারা। কিন্তু পূর্ব বিরোধের জেরে কামাল হোসেন তার লোকজন নিয়ে হামলা চালায় খায়েরের ওপর। এতে আবুল খায়ের, তার ছেলে ফরহাদ হোসেন, রিফাত হোসেন, আবুল কাশেমের ছেলে আবু সাঈদ, আবদুল খালেকের ছেলে আবুল হাসেম আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে খায়ের ও ফরহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খায়েরের ভাগ্নে জাহিদ হোসেন বলেন, বিক্রি করা জমি তার মামা মেপে বুঝিয়ে দিতে গেলে কামাল হোসেন তার ছেলেদের নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

খায়েরের স্ত্রী সুজলা আক্তার বলেন, ‘জমিতে তর্কাতর্কি হচ্ছে শুনে গিয়ে দেখি আমার দেবরকে আঘাত করা হচ্ছে। পাশে আমার স্বামী-সন্তান রক্তাক্ত অবস্থায় পড়েছিল। আমার স্বামী-সন্তানকে ওরা মেরে ফেলছে।’

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, লাশ দুটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ