ময়মনসিংহে বৈষম্যবিরোধী কমিটি নিয়ে অসন্তোষ : কমিটিতে স্থান পাওয়া আটজনের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
ময়মনসিংহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নব গঠিত ১৮৭ সদস্যের জেলা ও ১৩৮ সদস্যের মহানগর আহ্বায়ক কমিটি পূণর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি পক্ষ। আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এসময় কমিটিতে স্থান পাওয়া আটজন পদত্যাগ করেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে কারা অভ্যুত্থানের স্পিড ধারণ করে কাজ করছে এবং কে কে অভ্যুত্থানের চেতনা বিরোধী কাজ করেছে। গতকাল ঢাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগরের কমিটি প্রকাশ করা হয়েছে। আমরা- দেখেছি এই শহরে যারা আন্দোলনের নেতৃত্বে দিয়েছে, তারা আজকের কমিটিতে সর্বোচ্চ উপেক্ষিত।
ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি প্রকাশ হওয়ার পূর্বে একাধিকবার ফোনে এবং স্বশরীরে ১১ই জানুয়ারি কেন্দ্রীয় প্রতিনিধির টিম লিডার লুৎফর রহমানকে ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি এবং টিমের অন্যান্য প্রতিনিধিদের জানানো হয়েছিলো। কিন্তু যারা ৫ই আগষ্ট এর পরবর্তীতে জুলাই বিপ্লবের স্পিরিটটাকে ধারন না করে, বিভিন্ন অপকর্মে যেমন- বিআরটিসি অফিসে হামলা, আওয়ামী দোসরদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অপচেষ্টা, ইউএনও অফিসে চাঁদাবাজি, ডিআইজি অফিসে হামলা, খুনি আসামীকে ছাড়ানোর জন্য মধ্যরাতে বিভাগীয় কমিশনারকে ফোন দিয়ে সুপারিশ করার প্রস্তাব, নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের মাধ্যমে শহরের দুটিা মারামারির ঘটনা ঘটিয়েছে।
যার প্রেক্ষিতে থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগগুলো জানানোর পরও প্রতিনিধি টিম লিডার তাদেরকে কোনো সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে তাদেরকে কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছে। কমিটিতে বিভিন্ন সংগঠনের পদধারী ছাত্রনেতাদের বিনা অনুমতিতে পদায়ন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি পূর্ণ আস্থা রয়েছে৷ তারা বিষয়টি পূণর্বিবেচনায় নিবেন৷ কারণ, এরকম বিতর্কিত লোকদের সাথে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।
লিখিত বক্তব্য পাঠ করেন জিকে ওমর৷ আরও বক্তব্য রাখেন আশিকুর রহমান, ফুয়াদ খান।
সংবাদ সম্মেলন শেষে পদত্যাগের ঘোষণা দিয়ে পদত্যাগ করেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক তানজিয়া নাজনীন নীতু, সংগঠক আহসান উল্লাহ, কাওসার হাসান রিয়াদ, সদস্য আতিক হাসান, সৈয়দ সাইদুল, মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব তানজিনা ইমি, সদস্য মির্জা সুলতানা আফরিন এবং উম্মে হাবিবা।
জনতার আওয়াজ/আ আ