মস্কোর দিকে অগ্রসর স্থগিত করেছে ওয়াগনার বাহিনী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ২৫, ২০২৩ ৩:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ২৫, ২০২৩ ৩:২২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধে ওয়াগনার বাহিনী সব ধরনের বিদ্রোহ থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। এক অডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।
এ বিষয়টি বিবিসির এক প্রতিবেদনে ওঠে এসেছে, ওয়াগনার যোদ্ধারা রাজধানী মস্কোর দিকে অগ্রসর হওয়া স্থগিত করতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন ইয়েভগেনি প্রিগোজিন।
তিনি জানান, তিনি ও তার ওয়াগনার বহর দিক পরিবর্তন করে পরিকল্পনা অনুযায়ী তাদের সেনাশিবিরে ফিরে যাচ্ছেন।
আজ রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ-অন-দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসর হচ্ছিল ওয়াগনার বাহিনী। মস্কো অভিমুখী পথের অর্ধেকের বেশি অতিক্রমও করে তারা। রুশ সেনারা তাদের গতিরোধ করতে চাইলেও তেমন সুবিধা করতে পারেনি। এরই মধ্যে মস্কোমুখী যাত্রা স্থগিতের কথা জানালেন প্রিগোজিন।
এর আগে শুক্রবার রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করার হুমকি দেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এরপর রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ওয়াগনার।
ওয়াগনার প্রধানের এ বিদ্রোহের পর পর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে বিদ্রোহের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন তিনি। পুতিন বলেন, ‘যা কিছু ঘটছে, তা বিশ্বাসঘাতকতা। এটি দেশের জনগণের পিঠে ছুরি চালানোর শামিল।’
জনতার আওয়াজ/আ আ