মাজার ভাঙা, লাশ পোড়ানো রাসুলের শিক্ষা নয়: রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়, বরং ঐক্য ও শান্তির শিক্ষা দিয়েছেন তিনি।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “মাজার ভাঙা এবং লাশ পুড়িয়ে দেওয়া রাসুল (সা.)-এর শিক্ষা নয়। আমাদের মহানবী (সা.) ছিলেন ঐক্যের প্রতীক, তিনি ছিলেন শান্তির প্রতীক।”
রুহুল কবির রিজভী তার বক্তব্যে আরও বলেন, “আজ আমরা গণতন্ত্রের কথা বলি, রাষ্ট্রীয় চেতনার কথা বলি, অথচ পৃথিবীর ইতিহাসে আরবের সেই মহামানব আমাদের জন্য নিদর্শন হয়ে আছেন। কিন্তু আমরা তার শিক্ষা গ্রহণ না করে নিজেদের ধর্ম ও ইসলামকে বিভিন্ন ফেরকা, বিভাজন ও নানা ধরনের কথাবার্তায় বিভক্ত করছি।”
তিনি আরও বলেন, “আমাদের মহানবী (সা.) ছিলেন ঐক্যের প্রতীক। তার ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলিই ছিল অনুসরণের মতো উদাহরণ। যদি আমরা সামান্যতমও তা অনুকরণ ও লালন করতাম, তবে এ দেশে অন্যায়-অপরাধ, কুপ্রবৃত্তি, পাপাচার, হানাহানি ও রক্তারক্তি অনেক আগেই বন্ধ হয়ে যেত।”
রিজভী বলেন, “যিনি আমাদের প্রকৃত মডেল, যিনি আদর্শের প্রতীক, আমরা তাকে অনুসরণ করি না, তার অনুকরণ করি না। আর এটাই আজকের মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।”
মিলাদ মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, এবং কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু উপস্থিত ছিলেন।
মাহফিলের শেষে দেশবাসীর জন্য শান্তি, সম্প্রীতি এবং দেশের উন্নতি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।
জনতার আওয়াজ/আ আ