মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৪, শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৩, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৩, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ণ

 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
ঢাকা-৩ আসন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কেরানীগঞ্জে মাদক নির্মূলে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ঢাকা-৩ আসনের জিনজিরা ঈদগা মাঠে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ জীবিকার সন্ধানে ঢাকায় এসে বসবাস করছেন। তাদের ভিন্ন আচার-আচরণ ও জীবনধারার কারণে সবাইকে সহজে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এই সুযোগে একটি অসাধু চক্র মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে জনগণকেও সামাজিক দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, কেরানীগঞ্জ বিএনপির অবস্থান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাজে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে গয়েশ্বর বলেন, শুধু প্রশাসনের পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। জনগণ দায়িত্বশীল না হলে জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন। সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, কিছু সমস্যা সহজেই সমাধান করা সম্ভব হলেও অনেক দুর্ভোগ মানুষের নিজেদের অসচেতনতার ফল। সচেতনতা বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে এসব সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

ইভটিজিং প্রতিরোধে বিদ্যালয়ের আশপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া তিনি জানান, খুব শিগগিরই কেরানীগঞ্জের কয়েকটি ইউনিয়ন পৌরসভার অন্তর্ভুক্ত হবে, যা এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর শাহনেওয়াজের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, কেরানীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ শামীম উদ্দিন, বিএনপি নেতা মোকারম হোসেন সাজ্জাদ, আশরাফ আজাদ হোসেন, মুজাহিদ ইসলাম মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ