স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৪, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৪, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহতসহ, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা অবশ্যই রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহত সবাইকে রাষ্ট্র অবশ্যই মূল্যায়ন করবে। স্বৈরাচারের যথার্থ বিচার করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোনো বিভক্তি নয়, সবাইকে ঐকবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’

শনিবার (৪ জুলাই) গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘গেলো ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহতসহ, জুলাই গণঅভ্যুত্থানে হতাহত সবাই অবশ্যই রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে।’

তিনি বলেন, ‘৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা কোনো একক রাজনৈতিক দলের নয়। স্বৈরাচারের অবশ্যই বিচার হবে। তবে বিচারের নামে কোনো অবিচার করবে না বর্তমান সরকার।’

কোনো বিভক্তি নয়, সবাই ঐকবদ্ধ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে- এ আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এর আগে, সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন চব্বিশের গণঅভ্যুত্থানের নিহতদের, স্বজনরা।

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহতরা অভিযোগ করেন, জুলাইকে ব্যবহার করে একটি মহল নানা সুবিধা নিয়েছে। জুলাইকে পণ্য না ভেবে, ধারণ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়া, চাঙ্খারপুল, রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ীসহ ২৪ এর নারকীয় হত্যাকাণ্ডে সাজার বিষয়ে সরকারের অগ্রগতি তুলে ধরেন বলেন, ‘শিগগিরই সন্ত্রাসবিরোধী আইনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে।’

সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘সবার আগে বাংলাদেশ’। মঞ্চের ব্যানারে লেখা, ‘গর্বিত ইতিহাস, অদম্য চেতনা; ৪ জুলাইয়ের এই দিন হোক সবার অনুপ্রেরণা; যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে।’

এর আগে সকাল সোয়া ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জুলাই আন্দোলনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান শহিদ পরিবারের সদস্যদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দেন।

পরে শহিদ পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেও একটি স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সরকারের মন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী, জুলাই অভ্যুত্থানে শহিদের সংখ্যা ৮৩৪। তবে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ