মাদারীপুরে দোকান ভাঙচুর-লুটপাট ও জমি দখলের চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

মাদারীপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে একটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় দোকানের জমি দখলেরও চেষ্টা হয়। মঙ্গলবার সকালে সদর উপজেলার নয়ারচর আদর্শগ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিচার দাবি জানায়।
আম্বিয়া বেগম অভিযোগ করেন, সম্প্রতি জমি বিক্রির পর প্রতিবেশি রিয়াদ আকনের সঙ্গে তার বিরোধ শুরু হয়। এক মাস আগে সালিশে তিনি রায় মেনে নিলেও রিয়াদ তা অমান্য করে উত্তেজিত হন। মঙ্গলবার সকালে রিয়াদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানঘরে হামলা চালায়। এ সময় ভেতরের মালামাল লুটপাট করে দোকান দখলের চেষ্টা চালানো হয়।
ক্ষতিগ্রস্ত মজিবর ব্যাপারী বলেন, “আমাদের জমি জোরপূর্বক দখল করতে চাইছে রিয়াদ। বাঁধা দিতে গেলে হত্যার হুমকি দিয়েছে। আমাদের রোজগারের একমাত্র সম্বল দোকান ভেঙে সব লুট করে নিয়েছে।”
অভিযোগের বিষয়ে রিয়াদ আকন জানান, “আম্বিয়া বেগম জমি বিক্রি করলেও আমাকে বুঝিয়ে দিচ্ছে না। জমি বুঝতে গেলে তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা দোকানে কোনো ভাঙচুর বা লুটপাট করিনি।”
সদর মডেল থানার ওসি আদিল হোসেন বলেন, দোকান ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনতার আওয়াজ/আ আ