মাদারীপুর ২-বিএনপি’র পুনরুদ্ধার বনাম জামায়াতের প্রথমবার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাদারীপুর ২-বিএনপি’র পুনরুদ্ধার বনাম জামায়াতের প্রথমবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ণ

 

মাদারীপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভা ও রাজৈর উপজেলা নিয়ে মাদারীপুর-২ আসন গঠিত। জেলার অন্য আসনের তুলনায় এর গুরুত্ব অনেক বেশি। পাকিস্তান আমল থেকে এ আসনে জামায়াতের কোনো প্রার্থী জয়লাভ করেনি। তবে বিএনপি’র প্রার্থী দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মূলত এক সময় আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে সেই মিথ ভেঙে দিয়েছে জুলাই বিপ্লব। গত বছরের কোটাবিরোধী আন্দোলনের ঢেউ লাগে মাদারীপুরের জনপদেও। যা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ছাত্রলীগের হামলায় প্রথমদিন নিহত হয় দীপ্ত নামে এক ছাত্র। এর জেরে ২০২৪ সালের ১৮ই জুলাই হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র-জনতা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভেঙে ফেলে। একইদিনে পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়। এসপি অফিস, ডিসি অফিসেও এর রেশ চলে যায়। পরদিন ১৯শে জুলাই আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের হামলায় রোমান ও তাওহীদ নামে দু’জন নিহত হয়। এর জেরে সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন বাস ডিপো এবং পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। জুলাই বিপ্লবে মাদারীপুরের ১৮ জন ছাত্র-জনতা শহীদ হয়। এ আন্দোলন থেকে আওয়ামী লীগের ঘাঁটি ভেঙে চৌচির হয়ে গেছে। পালিয়ে বেড়াচ্ছে দলটির হেভিওয়েট নেতারা। ফলে নির্বাচনী মাঠে এক সময়ের মিত্র বিএনপি এবং জামায়াত একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী।

নির্বাচনী মাঠে বিএনপি থেকে একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। এর মধ্যে রয়েছেন বিএনপি’র সাবেক এমপি হেলেন জেরিন খান। তিনি এর আগে এ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ছিলেন। এ ছাড়াও জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী জাহানেও রয়েছেন মাঠে। তিনি বিএনপি’র পরীক্ষিত নেতা। তবে, আগে কখনো মনোনয়ন পাননি। এবার তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মিল্টন বৈদ্যে ২০১৮ সালের সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। তিনিও আগামী নির্বাচনের জন্য প্রচারণা করে যাচ্ছেন। অন্যদিকে এ আসনের প্রতিটি গ্রাম চষে বেড়াচ্ছেন সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট মাসুদ পারভেজ। তিনি জোরেশোরেই মাঠে নেমেছেন। আর মাদারীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়ার নাম আছে মনোনয়ন দৌড়ের তালিকায়। এ ছাড়াও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান মিয়াও মনোনয়নপ্রত্যাশী।

বিএনপিতে একাধিক প্রার্থী থাকলেও জামায়াতের একক প্রার্থী। একক প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা জামায়াতের সাবেক আমীর ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস সোবাহান খান। ইসলামী আন্দোলনের একক প্রার্থী হিসেবে রয়েছেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আব্দুস সোবহান মাদারীপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী। প্রত্যেকেই যার যার মতো করে প্রচারণা চালাচ্ছেন। কথা হয় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। মিল্টন বৈদ্য বলেন, আমি সবসময় মাঠে কাজ করেছি। দলের নির্দেশে আমি উপজেলা নির্বাচন করি। সেখানে আমি বিপুল ভোটে জয়লাভ করি। তবে ভোটের রেজাল্ট ঘুরিয়ে দিয়ে আমাকে চেয়ারে বসতে দেয়া হয়নি। আমি ১৮ সালে দলের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছি। এ ছাড়া দলের প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। তাই শতভাগ বিশ্বাস করি দল আমাকে মনোনয়ন দেবে। জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, আমি ৪৪ বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত। প্রথমে ছাত্রদল, পরে বিএনপি করছি। এখন পর্যন্ত বিএনপি করছি। এ দীর্ঘসময় আমি বিএনপি’র সকল আন্দোলনে সক্রিয় ছিলাম। একাধিকবার জেল খেটেছি, শিকার হয়েছি নির্যাতনের। আমি কখনো চাঁদাবাজি, দখলবাজি বা ক্ষমতার অপব্যবহার করিনি। সেই হিসেবে শতভাগ নিশ্চিত আমি মনোনয়ন পাবো। এডভোকেট মাসুদ পারভেজ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব ক্যাটাগরিতে মনোনয়ন দিবেন বলে জানিয়েছেন, আমি শতভাগ আশা রাখি, আমাকে তিনি মনোনয়ন দিবেন। আমি দলের নাম ভাঙিয়ে কোথাও চাঁদাবাজি করেনি। তৃণমূল শক্তিকে প্রাধান্য দিয়ে রাজনীতি করি তাই মনোনয়ন আমি পাবো। জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান খান বলেন, আমরা নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি। এ সংসদীয় আসনে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। পোস্টার, লিফলেটসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছি। জনপ্রতিনিধিদের সঙ্গে মিটিং করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ